Cvoice24.com

নতুন যুদ্ধ শুরু হলে ছড়িয়ে পড়বে পুরো অঞ্চলে: মোজতবা খামেনি

আন্তর্জাতিক ডেস্ক
১২:৫৫, ১ নভেম্বর ২০২৬
নতুন যুদ্ধ শুরু হলে ছড়িয়ে পড়বে পুরো অঞ্চলে: মোজতবা খামেনি

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন করে সামরিক হামলা চালালে তার পাল্টা জবাব শুধু দেশের ভৌগোলিক সীমানার মধ্যে সীমাবদ্ধ থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। একই সঙ্গে সম্ভাব্য যেকোনো হুমকি মোকাবিলায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠকে মোজতবা খামেনি এসব নির্দেশনা দেন। বৈঠকে সম্ভাব্য সামরিক হামলার লক্ষ্যবস্তুর তালিকা আরও বিস্তৃত ও হালনাগাদ করার কথাও বলেন তিনি। এতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দৃশ্যমান এবং অদৃশ্য বিভিন্ন সম্পদ অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

ইরান সরকারের এক বিবৃতিতে বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়। বিবৃতিতে মোজতবা খামেনির বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, যেকোনো ধরনের হুমকির তাৎক্ষণিক ও কার্যকর জবাব দিতে হবে। এ ক্ষেত্রে কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখা মেনে চলার বাধ্যবাধকতা থাকবে না।

বৈঠকে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আলি আবদোল্লাহি, সেনাপ্রধান আমির হাতামি এবং ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) প্রধান আহমাদ ওয়াহিদি উপস্থিত ছিলেন।

এদিকে ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। নির্বাচনের পর ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহান্তে তিনি ইরানকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার সম্ভাবনার কথাও উল্লেখ করেন।

অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে একটি ‘ঐতিহাসিক’ সুযোগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে সংঘাত শুরু হয়। পাল্টা প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন স্থাপনা ও সম্পদে হামলা চালায় ইরান। বর্তমানে দুই পক্ষের সরাসরি পাল্টাপাল্টি হামলা বন্ধ থাকলেও নতুন করে সংঘাত শুরুর আশঙ্কা কাটেনি।

উত্তেজনা প্রশমনে কূটনৈতিক তৎপরতাও চলছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে শুক্রবার কাতারের মধ্যস্থতাকারীরা তেহরানে পৌঁছান। পাশাপাশি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের নিরাপত্তা প্রধান মহসেন রেজায়ির কাছে একটি চিঠি পাঠিয়েছেন। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কোনো পরিকল্পনা আপাতত তাঁদের নেই।

এদিকে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকারামিনিয়া সতর্ক করে বলেছেন, নতুন করে সংঘাত শুরু হলে যুদ্ধের বিস্তৃতি আরও বাড়বে এবং এর প্রভাব আরও বড় ভৌগোলিক অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে।