Cvoice24.com

মিসরে পর্যটকবাহী বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক
০৯:৩৭, ২১ অক্টোবর ২০২৬
মিসরে পর্যটকবাহী বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩

মিসরের রাজধানী কায়রোর পশ্চিমে পর্যটকবাহী একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৪ জন। নিহত ও আহত ব্যক্তিরা দেশি-বিদেশি পর্যটক বলে জানা গেছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) কায়রো-আসিয়ুত পশ্চিম মরুভূমি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বুধবার (২১ অক্টোবর) দেশটির রাষ্ট্রায়ত্ত দৈনিক আল-আহরাম এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মহাসড়কটিতে পর্যটকবাহী বাস ও একটি বড় ট্রাকের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণহানির ঘটনা ঘটে এবং বহু যাত্রী আহত হন।

ফরাসি বার্তা সংস্থা এএফপির এক সংবাদদাতা জানিয়েছেন, দুর্ঘটনার পর মহাসড়ক থেকে বাস ও ট্রাকের ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ক্রেনের সাহায্যে দুমড়েমুচড়ে যাওয়া বাসটি সরিয়ে নেওয়া হয়। সংঘর্ষে বাসটির সামনের অংশ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলে ছড়িয়ে-ছিটিয়ে ছিল যাত্রীদের আসন ও বাসের বিভিন্ন অংশ। ট্রাকটির পেছনেও বাসের ধ্বংসাবশেষ আটকে থাকতে দেখা যায়।

আল-আহরাম-এর প্রতিবেদন অনুযায়ী, আহতদের গিজার একটি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মিসরে সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে। বেপরোয়া গাড়ি চালানো, যানবাহনের দুর্বল রক্ষণাবেক্ষণ এবং সড়ক আইন প্রয়োগে শিথিলতাকে দেশটিতে সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হয়। রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থার তথ্য অনুযায়ী, গত বছর মিসরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

এর আগে গত সেপ্টেম্বরে সিনাই অঞ্চলে একটি বাস দুর্ঘটনায় ১০ জন জর্ডানীয় পর্যটকসহ মোট ২২ জন নিহত হন। এ ছাড়া গত আগস্টে উত্তর মিসরে কৃষিশ্রমিক বহনকারী দুটি পিকআপ ট্রাকের সংঘর্ষে অন্তত ১৮ জন প্রাণ হারান। নিহতদের মধ্যে কয়েকজন শিশুও ছিল।