সৌদি আরবের একটি অংশ হুথিদের দখলে
আন্তর্জাতিক ডেস্ক
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের কিছু অংশ ‘দখল’ করে রেখেছে বলে দাবি করেছেন মার্কিন রক্ষণশীল পডকাস্টার টাকার কার্লসন। তার অভিযোগ, যুদ্ধকালীন এই পরিস্থিতি নিয়ে মার্কিন গণমাধ্যমে কোনো সংবাদ প্রকাশ করা হচ্ছে না। বুধবার (১৭ নভেম্বর) মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সোমবার প্রকাশিত এক পডকাস্টে মার্কিন ভূরাজনৈতিক বিশ্লেষক ব্র্যান্ডন জে ওয়েইচার্টের সাক্ষাৎকার নেওয়ার সময় কার্লসন বলেন, হুথিরা এখন সৌদি রাজতন্ত্রের জন্য ‘সত্যিকার অর্থে হুমকি’ হয়ে দাঁড়িয়েছে।
কার্লসন বলেন, ‘তারা এই মুহূর্তে সৌদির একটি অংশ দখল করে আছে। আমি জানি না এটি আমেরিকান মিডিয়ায় প্রচারিত হচ্ছে কি না, তবে এটি একটি সত্য ঘটনা। এটি অনেক বড় একটি বিষয়।’
তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে কি সৌদি মাটিতে হুথি বাহিনী আছে? হ্যাঁ, আছে।’
তবে সৌদি ভূখণ্ড দখলের এই তথ্য তিনি কোথা থেকে পেয়েছেন, তা উল্লেখ করেননি কার্লসন। অবশ্য আরব উপসাগরীয় অঞ্চলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে তিনি প্রায়ই যোগাযোগ করেন। গত অক্টোবরে ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছিল, ভূমধ্যসাগরে একটি প্রমোদতরীতে কয়েকজন আরব উপসাগরীয় রাজপরিবারের সদস্যের সঙ্গে দেখা করেছিলেন কার্লসন। ওই সাক্ষাৎকারে তিনি দাবি করেছিলেন, ‘এই সপ্তাহে’ উপসাগরীয় নেতাদের সঙ্গে তার কথা হয়েছে।
মার্কিন প্রতিরক্ষা ও গোয়েন্দা সংস্থাগুলোর সমালোচক হিসেবে পরিচিত কার্লসন। তবে তিনি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে বন্ধু মনে করেন। ইরান-ইসরায়েল যুদ্ধ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করলেও সম্প্রতি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তার দীর্ঘ সময় কথা হয়েছে বলেও জানান তিনি।
এর আগে, গত ২ নভেম্বর পশ্চিমা ও আরব কর্মকর্তাদের উদ্ধৃত করে মিডল ইস্ট আইয়ের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছিল, হুথিরা সৌদি আরবে অভিযান চালাচ্ছে। সূত্রগুলো জানিয়েছিল, অক্টোবরে এসব হামলা চালানো হয়। তবে হুথিরা তখনও সৌদি ভূখণ্ড দখলে রেখেছে কি না, তা নিশ্চিত করেনি ওই সূত্রগুলো।
ইয়েমেনের সঙ্গে সৌদি আরবের দুর্গম পাহাড় ও বিস্তীর্ণ মরুভূমিময় সীমান্তে সাংবাদিকদের প্রবেশ কার্যত নিষিদ্ধ। গত দফার যুদ্ধের পর ওই সীমান্তবর্তী এলাকার পুরো গ্রাম জনশূন্য হয়ে পড়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বর্তমানে সৌদি-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ও হুথিদের মধ্যে লড়াই মূলত ইয়েমেনের ভেতরেই কেন্দ্রীভূত। হুথিরা সরকারের অস্থায়ী রাজধানী বন্দরনগরী এডেনের দিকে অগ্রসর হচ্ছে।
তবে ১৯৩৪ সালের তাইফ চুক্তির মাধ্যমে ইয়েমেন যে তিনটি দক্ষিণাঞ্চলীয় প্রদেশ—আসির, জাজান ও নাজরান—সৌদি আরবকে ছেড়ে দিয়েছিল, হুথিরা সেগুলোর ওপর প্রকাশ্যে নিজেদের দাবি জানিয়ে আসছে।
ইয়েমেনের সাদা প্রদেশ থেকে উদ্ভূত এবং গোষ্ঠীটির প্রতিষ্ঠাতা হুসেইন বদরুদ্দিন আল-হুথির নামে নামকরণ করা হুথিরা শিয়া ইসলামের জায়েদি মতাবলম্বী। গোষ্ঠীটির জ্যেষ্ঠ নেতারা নিজেদের হাশেমি বংশধর বলে দাবি করেন।
কার্লসনের ধারণা, সৌদি আরবকে দুর্বল দেখতে চায় এমন ইরান ছাড়াও অন্য সমর্থকেরা হুথিদের যুদ্ধে সহায়তা করছে।
এ বিষয়ে কার্লসন বলেন, ‘আপনার মনে প্রশ্ন জাগতেই পারে যে হুথিদের কে নিয়ন্ত্রণ করছে। আমি মনে করি, হুথিদের ওপর ইরানের বিশাল প্রভাব রয়েছে। তবে এর পেছনে কি কেবল এই একটি শক্তিই রয়েছে?’
তিনি কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা দেশের নাম উল্লেখ করেননি। তবে গত অক্টোবরে ড্রপসাইট নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছিল, সংযুক্ত আরব আমিরাত-সমর্থিত ইয়েমেনি গোষ্ঠীগুলো লক্ষ্যবস্তু নির্ধারণে হুথিদের গোপনে সহায়তা করছিল।
অন্যদেশ সব খবর















