সুপার পেট্রোকেমিক্যাল
রিফাইনারি নির্মাণ শেষে এবার মন্ত্রণালয় দিল ‘প্রাথমিক অনুমতি’
শাহরুখ, সিভয়েস২৪
চট্টগ্রামের কর্ণফুলীর জুলধায় সুপার পেট্রোকেমিক্যাল পিএলসির নির্মিত রিফাইনারি স্থাপনে নতুন করে ‘প্রাথমিক অনুমতি’ দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) গঠিত কমিটির প্রতিবেদন পাওয়ার পর এ অনুমতি দেওয়া হয়। এর আগে, একাধিকবার আবেদন করেও অনুমতি পায়নি প্রতিষ্ঠানটি। এমনকি ২০২৫ সালের নভেম্বরে তাদের আবেদন নাকচ করে দিয়েছিল মন্ত্রণালয়। তবে আবেদন নাকচের পরও রিফাইনারির নির্মাণকাজ চালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। এবার নির্মাণ শেষ হওয়ার পর প্রাথমিক অনুমতি পেল প্রতিষ্ঠানটি।
মন্ত্রণালয়ের অনুমতিতে বলা হয়েছে, রিফাইনারি চালুর আগে ২০২৩ সালের সংশ্লিষ্ট নীতিমালার শর্ত পূরণ, পরিবেশগত ছাড়পত্র, সরকারি দপ্তরের প্রয়োজনীয় অনুমোদন, অনাপত্তিপত্র ও লাইসেন্স সংগ্রহ করতে হবে। প্ল্যান্ট স্থাপনের কাজ সম্পন্ন করে চূড়ান্ত অনুমোদনের জন্য আবেদন করতে হবে। পাশাপাশি রিফাইনারিতে উৎপাদিত সব জ্বালানি পণ্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কাছে সরবরাহ করতে হবে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ১৮ নভেম্বরের অফিস আদেশে সুপার পেট্রোকেমিক্যাল পিএলসিকে ‘বেসরকারি পর্যায়ে অপরিশোধিত জ্বালানি তেল আমদানিপূর্বক মজুত, প্রক্রিয়াকরণ, পরিবহন ও বিপণন নীতিমালা-২০২৩’ অনুসারে রিফাইনারি স্থাপনের ‘প্রাথমিক অনুমতি’ দেওয়া হয়েছে। নীতিমালার ৮.৫ অনুচ্ছেদসহ প্রযোজ্য সব শর্ত পালন এবং প্রচলিত ও ভবিষ্যতে প্রণীত আইন, বিধিমালা ও নীতিমালা অনুসরণের নির্দেশনাও রয়েছে।
অফিস আদেশে আরও বলা হয়েছে, রিফাইনারি স্থাপনের ক্ষেত্রে পরিবেশ-সংক্রান্ত সব আইন ও বিধিবিধান মানতে হবে। অনুমতিপত্র পাওয়ার পর সংশ্লিষ্ট সরকারি দপ্তর থেকে প্রয়োজনীয় অনুমোদন, ছাড়পত্র, অনাপত্তিপত্র ও লাইসেন্স সংগ্রহ করতে হবে। সব প্রক্রিয়া সম্পন্ন করে চূড়ান্ত অনুমোদনের জন্য আবেদন করতে হবে। অর্থাৎ বুধবারের অনুমতি রিফাইনারি চালুর চূড়ান্ত ছাড়পত্র নয়।
দ্রুততার সঙ্গে কমিটি গঠন, পরিদর্শন ও প্রতিবেদন
সুপার পেট্রোকেমিক্যালের রিফাইনারি স্থাপনের অনুমোদন নিয়ে বিপিসিতে একাধিকবার পর্যালোচনা হয়েছে। সর্বশেষ ১০ নভেম্বর বিপিসির সচিব শাহিনা সুলতানার স্বাক্ষরিত অফিস আদেশে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটিকে ২০২৩ সালের নীতিমালার সব শর্ত পূরণ হয়েছে কি না, তা সরেজমিনে যাচাই করে উৎপাদন কার্যক্রমের অনুমোদনের বিষয়ে সুপারিশ দিতে বলা হয়। প্রতিবেদন জমা দেওয়ার জন্য সময় দেওয়া হয়েছিল তিন দিন।
বিপিসি-সংশ্লিষ্ট সূত্র জানায়, কমিটির সদস্যরা ১১ নভেম্বর সুপার পেট্রোকেমিক্যালের নির্মিত রিফাইনারি পরিদর্শন করেন। এরপর বিপিসি ভবনে দিনভর ও গভীর রাত পর্যন্ত দফায় দফায় বৈঠক হয়। ১৮ নভেম্বর কমিটি প্রতিবেদন জমা দেয়। সদস্যরা সরাসরি বিপিসি চেয়ারম্যানের কাছে প্রতিবেদনটি জমা দেন। পরে চেয়ারম্যানের মাধ্যমে তা মন্ত্রণালয়ে পাঠানো হয়। ওই প্রতিবেদন পাওয়ার পরই রিফাইনারি স্থাপনের প্রাথমিক অনুমতি দেয় মন্ত্রণালয়।
কমিটির আহ্বায়ক ছিলেন বিপিসির মহাব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন্স)। সদস্যদের মধ্যে জ্বালানি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের অপারেশন্স, পরিকল্পনা ও শিপিং বিভাগের উপমহাব্যবস্থাপক এবং ইস্টার্ন রিফাইনারির একজন সহকারী মহাব্যবস্থাপক ছিলেন। সদস্যসচিব করা হয় বিপিসির ব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন্স) পদে থাকা কর্মকর্তাকে।
আগের আবেদন নাকচ, এরপরও নির্মাণকাজ
নথি পর্যালোচনায় দেখা যায়, ২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর অপরিশোধিত জ্বালানি তেল আমদানি, মজুত, প্রক্রিয়াকরণ, পরিবহন ও নিজস্ব ব্যবস্থাপনায় বিপণনের অনুমতি চেয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে আবেদন করে সুপার পেট্রোকেমিক্যাল। বিদ্যমান সিআরইউ প্ল্যান্টের সঙ্গে নতুন ক্রুড অয়েল রিফাইনারি স্থাপনের পরিকল্পনার কথাও জানায় প্রতিষ্ঠানটি।
আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের ২৩ অক্টোবর বিপিসির তৎকালীন মহাব্যবস্থাপক (বণ্টন ও বিপণন) জাহিদ হোসাইনকে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়। পরে ইস্টার্ন রিফাইনারির একজন কর্মকর্তাকে যুক্ত করে কমিটি সাত সদস্যের করা হয়। ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি কমিটি কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে জুলধা ইউনিয়নে প্রতিষ্ঠানটির সিআরইউ প্ল্যান্ট ও প্রস্তাবিত প্রকল্পের স্থান পরিদর্শন করে।
ওই বছরের ৮ এপ্রিল বিপিসির চেয়ারম্যানের কাছে প্রতিবেদন জমা দেয় কমিটি। ২০ এপ্রিল প্রতিবেদনটি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে পাঠানো হয়। প্রতিবেদনে নীতিমালা অনুসারে প্রাথমিক অনুমতি এবং নির্মাণ শেষে চূড়ান্ত অনুমোদনের বিষয়টি বিবেচনার সুপারিশ করা হয়েছিল। তবে প্রকল্পে বিনিয়োগের পরিমাণ, যন্ত্রপাতি ও প্রযুক্তির উৎস এবং প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার সংস্থান নিয়ে বিস্তারিত তথ্য ছিল না প্রতিবেদনে।
এরপর ২০২৫ সালের ১৬ নভেম্বর প্রতিষ্ঠানটির আবেদন নাকচ করে দেয় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। বিভাগের চিঠিতে বলা হয়, সুপার পেট্রোকেমিক্যালকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি, মজুত, প্রক্রিয়াকরণ, পরিবহন ও বিপণনের ক্ষেত্রে নীতিমালার আওতায় কোনো চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়নি। তাই আবেদনটি বিবেচনার সুযোগ নেই।
তবে আবেদন নাকচের পরও রিফাইনারির নির্মাণকাজ চলতে থাকে। ২০২৬ সালের ২৯ জানুয়ারি প্রতিষ্ঠানটি আবার আবেদন করে। এতে বছরে ১৫ লাখ মেট্রিক টন ক্ষমতার ক্রুড অয়েল রিফাইনারি স্থাপনের পরিকল্পনার কথা জানানো হয়। প্রতিষ্ঠানটির দাবি, রিফাইনারি চালু হলে বার্ষিক উৎপাদন সক্ষমতা দাঁড়াবে ১৫ লাখ ৪৬ হাজার ৩৮১ মেট্রিক টন।
পুনরায় আবেদনের পর ৩ ফেব্রুয়ারি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বিপিসির মতামত চায়। ৮ ফেব্রুয়ারি বিপিসির ১০১৭তম বোর্ড সভায় বিষয়টি পর্যালোচনা করা হয়। সভার কার্যবিবরণীতে আগের আবেদন নাকচের বিষয়টি উল্লেখ করে নতুন করে অনুমতি দেওয়ার প্রস্তাব আরও গভীরভাবে পর্যালোচনার প্রয়োজন বলে মত দেওয়া হয়।
১২ লাখ টন ক্রুড আমদানির পরিকল্পনা
রিফাইনারি প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা চেয়ে বিভিন্ন সময়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিপিসিকে চিঠি দেয় প্রতিষ্ঠানটি। ১৪ জুলাই জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীকে দেওয়া চিঠিতে দৈনিক ৩৫ হাজার ব্যারেল ক্ষমতার ক্রুড অয়েল রিফাইনারি প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা চায় সুপার পেট্রোকেমিক্যাল। সেখানে সৌদি আরবের লাইট ক্রুড অথবা সংযুক্ত আরব আমিরাতের মারবান ক্রুড পরিশোধনের পরিকল্পনার কথা জানানো হয়। প্রকল্পটির বার্ষিক সক্ষমতা সাড়ে ১৭ লাখ মেট্রিক টন উল্লেখ করা হলেও চিঠিতে সরকারি অনুমোদনের তথ্য ছিল না।
২৭ অক্টোবর বিপিসির চেয়ারম্যানের কাছে দেওয়া চিঠিতে ২০২৭ সালের জন্য চার লাখ টন লাইট ক্রুড ও আট লাখ টন হেভি ক্রুড আমদানির অনুমতি চায় প্রতিষ্ঠানটি। আমদানি করা কাঁচামাল থেকে অকটেন, পেট্রোল, ডিজেল ও হাই সালফার ফার্নেস অয়েল উৎপাদন করে বিপিসিকে সরবরাহের পরিকল্পনাও জানানো হয়।
প্রতিষ্ঠানটির পরিকল্পনা অনুযায়ী, নির্মাণাধীন দৈনিক ৩৫ হাজার ব্যারেল ক্ষমতার ক্রুড ডিস্টিলেশন ইউনিট (সিডিইউ) ২০২৭ সালের মার্চে চালুর লক্ষ্য রয়েছে। এপ্রিল থেকে বিপিসিকে পরিশোধিত জ্বালানি সরবরাহের কথা বলা হয়েছে। ওই বছর মোট ১২ লাখ ৩ হাজার টন পরিশোধিত জ্বালানি সরবরাহের পরিকল্পনার কথাও চিঠিতে উল্লেখ করা হয়।
তথ্য গোপনের অভিযোগে বিপিসির কমিটি
সুপার পেট্রোকেমিক্যালের আগের আবেদন নাকচের তথ্য উল্লেখ না করে নতুন আবেদন ও প্রকল্পের অগ্রগতির তথ্য বিপিসির পর্ষদে উপস্থাপন করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে ২৫ আগস্ট ছয় সদস্যের একটি কমিটি গঠন করে বিপিসি। কমিটিকে প্ল্যান্ট সরেজমিনে পরিদর্শন করে প্রক্রিয়াকরণ ক্ষমতা বৃদ্ধি ও নির্মাণকাজের অগ্রগতি নিয়ে প্রতিবেদন দিতে বলা হয়।
ওই কমিটির সদস্যসচিব ছিলেন বিপিসির বাণিজ্য ও অপারেশন্স বিভাগের উপব্যবস্থাপক তানজিন হোসেন। কমিটি গঠনের জন্য পর্ষদে দেওয়া নোটে আগের আবেদন নাকচের তথ্য না থাকার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধেই। তবে তানজিন হোসেনের বক্তব্য ছিল, নাকচের বিষয়টি একটি গোপনীয় চিঠিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছিল।
বিদ্যমান প্ল্যান্টে বছরে সাড়ে ছয় লাখ টন প্রক্রিয়াকরণ সক্ষমতা
সুপার পেট্রোকেমিক্যালের বর্তমান সিআরইউ প্ল্যান্টে বছরে প্রায় ছয় লাখ ৫০ হাজার টন ন্যাফতা ও কনডেনসেট প্রক্রিয়াকরণের সক্ষমতা রয়েছে। প্রতিষ্ঠানটি বিপিসির পূর্বানুমোদন নিয়ে ইস্টার্ন রিফাইনারি থেকে ন্যাফতা, পেট্রোবাংলা থেকে দেশীয় কনডেনসেট এবং বিদেশ থেকে আমদানি করা কনডেনসেট সংগ্রহ করে পেট্রোলিয়াম পণ্য তৈরি করে আসছে।
বিপিসির তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে প্রতিষ্ঠানটি অকটেন, পেট্রোল, ডিজেল, এমটিটি, লাইট এমএস ও এসবিপিএস মিলিয়ে ২ লাখ ৫৬ হাজার ৩৭ টন পেট্রোলিয়াম পণ্য সরবরাহ করেছে।
তবে বিদ্যমান ফ্রাকশনেশন প্ল্যান্টের কার্যক্রম এবং নতুন ক্রুড অয়েল রিফাইনারি স্থাপন এক বিষয় নয়। নতুন রিফাইনারির জন্য আলাদা সরকারি অনুমোদন ও নীতিমালার শর্ত পূরণ প্রয়োজন ছিল।
অন্যদিকে রাষ্ট্রায়ত্ত একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের দ্বিতীয় ইউনিট স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য প্রজেক্ট ম্যানেজমেন্ট কনসালট্যান্ট নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে। সরকারি পর্যায়ে পরিশোধন সক্ষমতা বাড়ানোর উদ্যোগের মধ্যেই বেসরকারি রিফাইনারির অনুমোদন, নিয়ন্ত্রণ ও উৎপাদন ব্যবস্থাপনার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
প্রাথমিক অনুমতি পাওয়ার পর এখন সুপার পেট্রোকেমিক্যালের সামনে রয়েছে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের অনুমোদন, পরিবেশগত ছাড়পত্র, লাইসেন্স ও অন্যান্য শর্ত পূরণের ধাপ। এসব প্রক্রিয়া শেষে চূড়ান্ত অনুমোদন পেলেই রিফাইনারিতে উৎপাদন শুরুর সুযোগ তৈরি হবে।
আরও পড়ুন—
অর্থ-বাণিজ্য সব খবর















