Cvoice24.com

রিফাইনারি নির্মাণের অনুমতি মেলেনি, তবু উৎপাদন অনুমোদনে বিপিসির ‘তোড়জোড়’

সিভয়েস২৪ প্রতিবেদক
২১:১১, ১০ নভেম্বর ২০২৬
রিফাইনারি নির্মাণের অনুমতি মেলেনি, তবু উৎপাদন অনুমোদনে বিপিসির ‘তোড়জোড়’

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অনুমোদন না মেলায় সুপার পেট্রোকেমিক্যাল পিএলসির রিফাইনারি স্থাপনের প্রথম আবেদন নাকচ হয়েছিল। এরপরও চট্টগ্রামের কর্ণফুলীতে রিফাইনারি নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এবার সেই রিফাইনারিতে উৎপাদন শুরুর অনুমতি দেওয়ার বিষয়ে সুপারিশ করতে নতুন কমিটি গঠন করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। মাত্র তিন দিনের মধ্যে প্ল্যান্ট সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন দিতে বলা হয়েছে কমিটিকে। একই প্রকল্পে এর আগে আরও দুটি কমিটি গঠন করেছিল বিপিসি।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিপিসির সচিব শাহিনা সুলতানার স্বাক্ষরিত অফিস আদেশে সাত সদস্যের এই কমিটি গঠনের কথা জানানো হয়। আদেশে বলা হয়েছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ‘বেসরকারি পর্যায়ে রিফাইনারি স্থাপন, অপরিশোধিত জ্বালানি তেল আমদানিপূর্বক মজুত, প্রক্রিয়াকরণ, পরিবহন ও বিপণন নীতিমালা-২০২৩’ অনুসারে সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি রিফাইনারি স্থাপনের সব শর্ত পূরণ করেছে কি না, তা সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন দিতে হবে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির রিফাইনারি উৎপাদন কার্যক্রম পরিচালনার অনুমোদনের বিষয়ে সুপারিশ করতে বলা হয়েছে।

কমিটিতে বিপিসির মহাব্যবস্থাপককে (বাণিজ্য ও অপারেশন্স) আহ্বায়ক এবং বিপিসির ব্যবস্থাপককে (বাণিজ্য ও অপারেশন্স) সদস্যসচিব করা হয়েছে। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন যমুনা অয়েলের উপমহাব্যবস্থাপক (অপারেশন্স), ইস্টার্ন রিফাইনারির উপমহাব্যবস্থাপক (প্ল্যানিং অ্যান্ড শিপিং), পদ্মা অয়েলের উপমহাব্যবস্থাপক (অপারেশন্স), মেঘনা পেট্রোলিয়ামের উপমহাব্যবস্থাপক (অপারেশন্স) এবং ইস্টার্ন রিফাইনারির সহকারী মহাব্যবস্থাপক (প্ল্যানিং)।

সর্বশেষ কমিটির কার্যপরিধি আগের দুটি কমিটির তুলনায় গুরুত্বপূর্ণ। এবার সরাসরি ২০২৩ সালের নীতিমালার শর্ত পূরণ এবং রিফাইনারির উৎপাদন কার্যক্রম পরিচালনার অনুমোদনের বিষয়ে সুপারিশ চাওয়া হয়েছে।

প্রথম আবেদন নাকচ, এরপরও থামেনি রিফাইনারি নির্মাণ

হাতে আসা নথি ও সংশ্লিষ্ট বিভিন্ন দাপ্তরিক চিঠি পর্যালোচনায় দেখা যায়, ২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি অপরিশোধিত জ্বালানি তেল আমদানি, মজুত, প্রক্রিয়াকরণ, পরিবহন ও নিজস্ব ব্যবস্থাপনায় বিপণনের অনুমতি চেয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে আবেদন করে। বিদ্যমান সিআরইউ প্ল্যান্টের সঙ্গে নতুন ক্রুড অয়েল রিফাইনারি স্থাপনের পরিকল্পনার কথাও জানায় প্রতিষ্ঠানটি।

ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের ২৩ অক্টোবর বিপিসির তৎকালীন মহাব্যবস্থাপক (বণ্টন ও বিপণন) জাহিদ হোসাইনকে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়। পরে ইস্টার্ন রিফাইনারির একজন কর্মকর্তাকে যুক্ত করে কমিটি সাত সদস্যে উন্নীত করা হয়। ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি কমিটি কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে জুলধা ইউনিয়নে অবস্থিত সুপার পেট্রোকেমিক্যালের সিআরইউ প্ল্যান্ট ও প্রস্তাবিত প্রকল্পের স্থান পরিদর্শন করে।

ওই বছরের ৮ এপ্রিল বিপিসি চেয়ারম্যানের কাছে প্রতিবেদন জমা দেয় কমিটি। পরে ২০ এপ্রিল প্রতিবেদনটি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে পাঠানো হয়। কমিটির প্রতিবেদনে নীতিমালার আলোকে প্রাথমিক অনুমতি এবং নির্মাণকাজ শেষ হলে রিফাইনারির চূড়ান্ত অনুমোদনের বিষয়টি বিবেচনার সুপারিশ করা হয়েছিল। তবে প্রস্তাবিত প্রকল্পে বিনিয়োগের পরিমাণ, যন্ত্রপাতি ও প্রযুক্তির উৎস এবং প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার সংস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য প্রতিবেদনে পাওয়া যায়নি।

এরপর ২০২৫ সালের ১৬ নভেম্বর সুপার পেট্রোকেমিক্যালের আবেদন নাকচ করে দেয় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। বিভাগের অপারেশন-১ শাখার চিঠিতে বলা হয়, প্রতিষ্ঠানটিকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি, মজুত, প্রক্রিয়াকরণ, পরিবহন ও বিপণনের ক্ষেত্রে ২০২৩ সালের নীতিমালার আওতায় কোনো চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়নি। ফলে আবেদনটি বিবেচনার সুযোগ নেই।

কিন্তু আবেদন নাকচের পরও রিফাইনারি নির্মাণ কার্যক্রম অব্যাহত রাখে প্রতিষ্ঠানটি। ২০২৬ সালের ২৯ জানুয়ারি পুনরায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে আবেদন করে সুপার পেট্রোকেমিক্যাল। ওই আবেদনে বছরে ১৫ লাখ মেট্রিক টন ক্ষমতাসম্পন্ন ক্রুড অয়েল রিফাইনারি স্থাপনের কথা জানানো হয়। প্রতিষ্ঠানটির দাবি অনুযায়ী, নতুন রিফাইনারি চালু হলে বার্ষিক উৎপাদন সক্ষমতা দাঁড়াবে ১৫ লাখ ৪৬ হাজার ৩৮১ মেট্রিক টন।

পুনরায় আবেদনের পর ৩ ফেব্রুয়ারি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বিপিসির কাছে মতামত চায়। ৮ ফেব্রুয়ারি বিপিসির ১০১৭তম বোর্ড সভায় বিষয়টি পর্যালোচনা করা হয়। সভার কার্যবিবরণীতে আগের আবেদন নাকচের বিষয়টি উল্লেখ করে নতুন করে অনুমতি দেওয়ার প্রস্তাব আরও গভীরভাবে পর্যালোচনার প্রয়োজনীয়তার কথা জানানো হয়।

আবেদন নাকচের তথ্য গোপনের অভিযোগ, গঠন হয় আরেকটি কমিটি

সুপার পেট্রোকেমিক্যালের প্রথম আবেদন নাকচের বিষয়টি উল্লেখ না করে নতুন আবেদন ও প্রকল্পের অগ্রগতির তথ্য বিপিসির পর্ষদে উপস্থাপন করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে ২০২৬ সালের ২৫ আগস্ট ছয় সদস্যের একটি কমিটি গঠন করে বিপিসি।

ওই কমিটিকে সুপার পেট্রোকেমিক্যালের প্ল্যান্ট সরেজমিনে পরিদর্শন করে প্রসেসিং ক্ষমতা বৃদ্ধি ও নির্মাণকাজের অগ্রগতি সম্পর্কে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল।

কমিটির সদস্যসচিব করা হয় বিপিসির বাণিজ্য ও অপারেশন্স বিভাগের উপব্যবস্থাপক তানজিন হোসেনকে। অথচ নতুন কমিটি গঠনের জন্য পর্ষদে উপস্থাপিত নোটে আগের আবেদন নাকচের তথ্য উল্লেখ না করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধেই। এ বিষয়ে তানজিন হোসেনের বক্তব্য ছিল, প্রথম আবেদন নাকচের বিষয়টি অন্য একটি গোপনীয় চিঠিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছিল।

সর্বশেষ ১০ নভেম্বরের নতুন অফিস আদেশে আবারও সুপার পেট্রোকেমিক্যালের প্ল্যান্ট পরিদর্শন ও নীতিমালার শর্ত যাচাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সাত সদস্যের কমিটিকে। ফলে আগের কমিটির তদন্ত ও প্রতিবেদনের অগ্রগতি এবং নতুন কমিটির সুপারিশের মধ্যে কী ধরনের পার্থক্য থাকবে, সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

অনুমোদনের আগেই ক্রুড আমদানি ও উৎপাদনের পরিকল্পনা

রিফাইনারি স্থাপনের অনুমোদন না থাকলেও প্রকল্পটি চালুর সহযোগিতা চেয়ে বিভিন্ন সময়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিপিসির কাছে চিঠি দিয়েছে সুপার পেট্রোকেমিক্যাল।

গত ১৪ জুলাই জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীকে দেওয়া এক চিঠিতে দৈনিক ৩৫ হাজার ব্যারেল ধারণক্ষমতার ক্রুড অয়েল রিফাইনারি প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা চায় প্রতিষ্ঠানটি। ওই চিঠিতে সৌদি আরবের লাইট ক্রুড অথবা সংযুক্ত আরব আমিরাতের মারবান ক্রুড পরিশোধনের পরিকল্পনার কথা জানানো হয়। প্রকল্পটির বার্ষিক সক্ষমতা সাড়ে ১৭ লাখ মেট্রিক টন উল্লেখ করা হলেও সরকারি অনুমোদনের কোনো তথ্য দেওয়া হয়নি।

এরপর গত ১৮ অক্টোবর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত এক চিঠিতে সুপার পেট্রোকেমিক্যালের ক্রুড অয়েল আমদানি করে রিফাইনারিতে প্রক্রিয়াকরণের আবেদন পর্যালোচনা করে মতামত ও সুপারিশ পাঠাতে বিপিসি চেয়ারম্যানকে অনুরোধ করা হয়।

সর্বশেষ গত ২৭ অক্টোবর বিপিসি চেয়ারম্যানের কাছে দেওয়া চিঠিতে ২০২৭ সালের জন্য চার লাখ টন লাইট ক্রুড ও আট লাখ টন হেভি ক্রুড আমদানির অনুমতি চায় প্রতিষ্ঠানটি। চিঠিতে আমদানি করা কাঁচামাল থেকে উৎপাদিত অকটেন, পেট্রোল, ডিজেল ও হাই সালফার ফার্নেস অয়েল বিপিসিকে সরবরাহের পরিকল্পনা তুলে ধরা হয়।

প্রতিষ্ঠানটির পরিকল্পনা অনুযায়ী, নির্মাণাধীন ৩৫ হাজার ব্যারেল সক্ষমতার ক্রুড ডিস্টিলেশন ইউনিট (সিডিইউ) ২০২৭ সালের মার্চে চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এপ্রিল থেকে বিপিসিকে পরিশোধিত জ্বালানি সরবরাহের পরিকল্পনার কথাও জানানো হয়। ওই চিঠিতে ২০২৭ সালে মোট ১২ লাখ ৩ হাজার টন পরিশোধিত জ্বালানি সরবরাহের পরিকল্পনা উল্লেখ করা হয়।

তবে এর আগে ১৪ জুলাইয়ের চিঠিতে প্রতিষ্ঠানটি নির্মাণাধীন প্ল্যান্টে লাইট ক্রুড পরিশোধনের কথা জানিয়েছিল। পরবর্তী চিঠিতে লাইট ক্রুডের পাশাপাশি আট লাখ টন হেভি ক্রুড আমদানির অনুমতি চাওয়া হয়। কনডেনসেট ও লাইট ক্রুডের প্রকৃতি এবং প্রক্রিয়াকরণগত পার্থক্য নিয়েও আলোচনা তৈরি হয়েছে।

বিপিসি চেয়ারম্যান ড. রফিকুল ইসলাম এর আগে জানিয়েছিলেন, সুপার পেট্রোকেমিক্যালের ক্রুড আমদানির চিঠি তাঁর কাছে এসেছে এবং বিপিসির সংশ্লিষ্ট দল সেটি পর্যালোচনা করছে।

সরকারি রিফাইনারি সম্প্রসারণের মধ্যে বেসরকারি প্রকল্প নিয়ে প্রশ্ন

রাষ্ট্রায়ত্ত একমাত্র জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের দ্বিতীয় ইউনিট স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রকল্পটি বাস্তবায়িত হলে সরকারি পর্যায়ে জ্বালানি তেল পরিশোধন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। এরই মধ্যে প্রকল্পের প্রজেক্ট ম্যানেজমেন্ট কনসালট্যান্ট (পিএমসি) নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে।

এমন পরিস্থিতিতে সরকারি অনুমোদন ও নিয়ন্ত্রণের বাইরে কোনো বেসরকারি রিফাইনারি নির্মাণ এবং উৎপাদন কার্যক্রম শুরু হলে জ্বালানি আমদানি, মজুত, প্রক্রিয়াকরণ, পরিবহন ও বিপণন ব্যবস্থাপনায় কী ধরনের প্রভাব পড়বে, তা নিয়ে উদ্বেগ রয়েছে।

সুপার পেট্রোকেমিক্যালের বর্তমান সিআরইউ প্ল্যান্টে বছরে প্রায় ছয় লাখ ৫০ হাজার টন ন্যাফতা ও কনডেনসেট প্রক্রিয়াকরণের সক্ষমতা রয়েছে। প্রতিষ্ঠানটি আগে বিপিসির পূর্বানুমোদন নিয়ে ইস্টার্ন রিফাইনারি থেকে ন্যাফতা, পেট্রোবাংলা থেকে দেশীয় কনডেনসেট এবং বিদেশ থেকে আমদানি করা কনডেনসেট সংগ্রহ করে বিভিন্ন পেট্রোলিয়াম পণ্য উৎপাদন করে আসছে। বিপিসির তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে প্রতিষ্ঠানটি অকটেন, পেট্রোল, ডিজেল, এমটিটি, লাইট এমএস ও এসবিপিএস মিলিয়ে ২ লাখ ৫৬ হাজার ৩৭ টন পেট্রোলিয়াম পণ্য সরবরাহ করেছে।

তবে বিদ্যমান ফ্রাকশনেশন প্ল্যান্টের কার্যক্রম এবং নতুন ক্রুড অয়েল রিফাইনারি স্থাপন এক বিষয় নয়। নতুন রিফাইনারি স্থাপন, অপরিশোধিত জ্বালানি আমদানি এবং উৎপাদিত পণ্য বাজারজাতের জন্য সংশ্লিষ্ট সরকারি অনুমোদন ও নীতিমালার শর্ত পূরণের বিষয়টি এখনো গুরুত্বপূর্ণ।