কদমতলীতে তেলের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট
সিভয়েস২৪ প্রতিবেদক
নগরের কদমতলী এলাকায় ঘনবসতিপূর্ণ ভবনগুলোর মাঝখানে থাকা একটি মবিলের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় আশপাশের বাসাবাড়ি ও দোকানপাটে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাগরিবের নামাজের পর গুদামটিতে আগুন লাগে। সেখানে মবিল ও বিভিন্ন দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয়। এ ছাড়া গুদামে থাকা তেলের ড্রাম বিস্ফোরণের আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েন আশপাশের বাসিন্দারা।
স্থানীয় এক দোকানি বলেন, ‘এলাকাটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ। বাসাবাড়ি ও দোকানপাট পাশাপাশি থাকায় আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। এ কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীদের বেগ পেতে হচ্ছে।’
ফায়ার সার্ভিসের টেলিফোন অপারেটর বলেন, ‘মাগরিবের নামাজের পর এখানে আগুন লাগে। খবর দেয়ার পর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে।’
স্থানীয়রা জানান, আগুন লাগার পরপরই তারা ছুটে এসে আশপাশের বাসাবাড়ি ও ভবনের ছাদ থেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তেলের গুদাম এবং আশপাশের ঘনবসতিপূর্ণ পরিবেশের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সতর্কতার সঙ্গে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














