Cvoice24.com

নাম বদলে ‘আজম’, ২২ বছর পর গ্রেপ্তার রোজি হত্যা মামলার সাজাপ্রাপ্ত নাছির

সিভয়েস২৪ প্রতিবেদক
১৪:১৭, ১০ নভেম্বর ২০২৬
নাম বদলে ‘আজম’, ২২ বছর পর গ্রেপ্তার রোজি হত্যা মামলার সাজাপ্রাপ্ত নাছির

চট্টগ্রামের ফটিকছড়িতে রোজি আকতার ধর্ষণ ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. নাছিরকে ২২ বছর পর গ্রেপ্তার করেছে এসআরবি-৭। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে হাটহাজারী উপজেলার পশ্চিম ধলই নয়াহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাছির (৪৮) ফটিকছড়ি উপজেলার শাহানগর এলাকার আমির হোসেনের ছেলে। 

এসআরবি জানায়, নাছির দীর্ঘদিন ওমানে অবস্থানের পর দেশে ফিরে পরিচয় গোপন করে ‘মো. আজম’ নামে চলাফেরা করছিলেন।

এসআরবি আরও জানায়, ২০০৪ সালের ১৬ মে ফটিকছড়িতে নিজের বসতবাড়ির দক্ষিণ পাশে একটি মান্দার গাছের সঙ্গে ওড়না দিয়ে ঝুলানো অবস্থায় রোজি আকতারের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রথমে ফটিকছড়ি থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়। পরে ময়নাতদন্তের প্রতিবেদনে রোজিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে উল্লেখ করেন চিকিৎসক।

এরপর রোজির বড় ভাই মো. আবু তাহেরের অভিযোগের ভিত্তিতে ২০০৪ সালের ২ জুলাই ফটিকছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩)/৩০ ধারায় মামলা করা হয়।

মামলার তদন্তে উঠে আসে, রোজির প্রতিবেশী আবদুল মান্নান তাকে প্রায়ই উত্ত্যক্ত করতেন। তার পরিবারের কাছে বিয়ের প্রস্তাব দেওয়া হলেও মান্নানের স্বভাব-চরিত্রের কারণে রোজির পরিবার তাতে রাজি হয়নি।

তদন্তে উঠে আসা তথ্য অনুযায়ী, ২০০৪ সালের ১৫ মে রাত ৯টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে আবদুল মান্নান ও নাছির জোর করে রোজিকে মান্নানের দোকানে নিয়ে ধর্ষণ করেন। পরে তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার পথে আবু বক্কর ও নুরুল ইসলামের সঙ্গে তাদের দেখা হয়। একপর্যায়ে মান্নান ও নাছির আবারও রোজিকে ধর্ষণ করেন এবং মুখ চেপে শ্বাসরোধে হত্যা করেন। পরে আবু বক্কর ও নুরুল ইসলামের সহায়তায় মরদেহটি বসতবাড়ির পাশের একটি গাছের সঙ্গে ওড়না দিয়ে ঝুলিয়ে রাখা হয় বলে তদন্তে উঠে এসেছে।

সংস্থাটির সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ জানান, মামলার পর গ্রেপ্তার এড়াতে নাছির আত্মগোপনে চলে যান। ২০০৪ সাল থেকে দীর্ঘ সময় তিনি ওমানে অবস্থান করেন। পরে দেশে ফিরে নিজের প্রকৃত পরিচয় গোপন করে ‘মো. আজম’ নামে চলাফেরা করছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে নাছিরের অবস্থান শনাক্ত করে সোমবার রাতে হাটহাজারীর পশ্চিম ধলই নয়াহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর