চমেকে ৬২১ টাকায় ডায়ালাইসিস অব্যাহত রাখার দাবি রোগী-স্বজনদের
সিভয়েস২৪ প্রতিবেদক
বেসরকারি ব্যবস্থায় ডায়ালাইসিসের ব্যয় বহনের সামর্থ্য নেই অনেক কিডনি রোগীর। তাই চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভারতীয় প্রতিষ্ঠান স্যান্ডরের পরিচালনায় স্বল্প খরচের ডায়ালাইসিস সেবা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন রোগী ও তাদের স্বজনেরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চমেক হাসপাতালের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ কর্মসূচিতে স্যান্ডরের ডায়ালাইসিস কেন্দ্রে চিকিৎসা নেওয়া রোগী ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। এ সময় তারা সরকারের কাছে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তির মেয়াদ নবায়ন এবং বর্তমান সেবা চালু রাখার দাবি জানান।
মানববন্ধনে বক্তারা জানান, চমেক হাসপাতালের স্যান্ডর ডায়ালাইসিস কেন্দ্রে বর্তমানে ২৭৬ জন রোগী নিয়মিত চিকিৎসা নিচ্ছেন। সরকারি ভর্তুকির কারণে প্রতিবার ডায়ালাইসিসের জন্য তাদের খরচ হচ্ছে ৬২১ টাকা। অথচ বেসরকারি হাসপাতালে একই সেবা নিতে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা ব্যয় করতে হয়। একজন রোগীর সপ্তাহে দুই থেকে তিনবার ডায়ালাইসিসের প্রয়োজন হওয়ায় বেশি খরচে চিকিৎসা চালিয়ে যাওয়া অনেক পরিবারের পক্ষেই কঠিন।
মানববন্ধনে অংশ নেওয়া এক রোগীর স্বজন বলেন, এই কেন্দ্রে চিকিৎসা নেওয়া অধিকাংশ রোগীই আর্থিকভাবে অসচ্ছল। কেন্দ্রটি বন্ধ হয়ে গেলে তাদের চিকিৎসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে। অনেকের পক্ষেই বেসরকারি হাসপাতালে গিয়ে ডায়ালাইসিস করানো সম্ভব হবে না। তাই দ্রুত স্যান্ডরের সঙ্গে চুক্তি নবায়ন করে সেবা চালু রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
আরেক রোগীর স্বজন বলেন, কেন্দ্রটির কর্মকর্তা, টেকনিশিয়ানসহ সব কর্মীর সেবার মান ভালো। দীর্ঘদিন ধরে রোগীরা এখান থেকে কম খরচে চিকিৎসা নিচ্ছেন। সরকার কেন্দ্রটি অন্য কোথাও স্থানান্তর করতে চাইলে আগে বিকল্প ব্যবস্থা চালু করতে হবে। নতুন ব্যবস্থায় একই মানের সেবা ও বর্তমান খরচ বহাল রাখাও জরুরি। বিকল্প নিশ্চিত না করে বর্তমান কেন্দ্রের সেবা বন্ধ করা উচিত হবে না।
মানববন্ধনে বক্তারা আরও জানান, চট্টগ্রাম ও ঢাকায় স্যান্ডরের মাধ্যমে প্রায় ৫০০ রোগী স্বল্প খরচে ডায়ালাইসিসের সুযোগ পাচ্ছেন। চমেক হাসপাতালের নিজস্ব জনবল সংকটের কারণে পুরো সেবার দায়িত্ব হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হলে চিকিৎসার মান ও ধারাবাহিকতা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে বর্তমান কেন্দ্রেই স্যান্ডরের মাধ্যমে ডায়ালাইসিস সেবা চালু রাখার দাবি জানান তারা।
এদিকে, সরকারি ব্যবস্থাপনায় ডায়ালাইসিস সেবা চালুর প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় ঢাকা ও চট্টগ্রামের দুটি কেন্দ্রে স্যান্ডরের সঙ্গে চুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে সরকার। কিডনি রোগীদের চিকিৎসাসেবা অব্যাহত রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
প্রসঙ্গত, আগামী ১৯ নভেম্বর সরকারের সঙ্গে স্যান্ডরের ১০ বছর মেয়াদি চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














