Cvoice24.com

আনোয়ারায় ভোরে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ, সন্দেহে কয়েকজন আটক

আনোয়ারা প্রতিনিধি, সিভয়েস২৪
১৩:৫৮, ১০ নভেম্বর ২০২৬
আনোয়ারায় ভোরে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ, সন্দেহে কয়েকজন আটক

চট্টগ্রামের আনোয়ারায় সড়কে আগুন জ্বালিয়ে অবরোধের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের মাজার গেট এলাকায় আনোয়ারা-বাঁশখালী পিএবি সড়কে এ ঘটনা ঘটে।

ঘটনার তিন মিনিট আট সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে ১০ থেকে ১২ জন তরুণকে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করতে দেখা যায়। এ সময় সড়কের দুই পাশে কয়েকটি যানবাহন আটকে থাকতে দেখা গেছে। অবরোধকারীদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতেও শোনা যায়। এ ছাড়া সড়কে ইট ফেলে প্রতিবন্ধকতা তৈরির দৃশ্যও রয়েছে ভিডিওতে।

পুলিশ জানায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তবে পুলিশ পৌঁছানোর আগেই অবরোধকারীরা সেখান থেকে সরে যান। এ ঘটনায় যান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। পুলিশ পৌঁছানোর আগেই অবরোধকারীরা পালিয়ে যান। যান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি, বর্তমানে সবকিছু স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে।’

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর