Cvoice24.com

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

সিভয়েস২৪ ডেস্ক
১১:২৮, ৯ নভেম্বর ২০২৬
নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছাড়ার পর বাংলাদেশ দূতাবাসে তার পক্ষ থেকে এটিই প্রথম কোনো আবেদন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৯ নভেম্বর) শেখ হাসিনার আইনজীবীরা ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে এ বিষয়ে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিটি দেখার সুযোগ পেয়েছে বার্তা সংস্থাটি।

চিঠিতে উল্লেখ করা হয়, ২০২৪ সালের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে জানা গেছে। এ অবস্থায় বাংলাদেশের নাগরিকত্বের ভিত্তিতে তাকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দূতাবাসের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

আবেদন দুটি দ্রুত নিষ্পত্তির আহ্বান জানিয়ে চিঠিতে আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তির আওতায় বাংলাদেশের বাধ্যবাধকতার বিষয়টিও তুলে ধরা হয়েছে।

এর আগে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছিলেন, দেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পণ করতে চান। সোমবার তার সহযোগীরাও জানিয়েছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে দেশে ফেরার নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির আগে আওয়ামী লীগ ছিল দেশের বৃহত্তম রাজনৈতিক দল। পরবর্তী সময়ে দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়। দলটির অনেক নেতা-কর্মী কারাবন্দী হয়েছেন, অন্যদিকে অনেকে ভারতসহ বিভিন্ন দেশে অবস্থান করছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় সংঘটিত প্রাণঘাতী দমন-পীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর দেশত্যাগ এবং পরবর্তী আইনি পরিস্থিতির মধ্যে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন তার দেশে ফেরার সম্ভাবনাকে ঘিরে নতুন আলোচনার জন্ম দিয়েছে।