জাতীয় সংবিধান দিবস আজ
আজ ৪ নভেম্বর, বাংলাদেশের সংবিধান দিবস। ১৯৭২ সালের এই দিনে গণপরিষদে স্বাধীন বাংলাদেশের সংবিধান গৃহীত হয়। এ বছর সংবিধান গৃহীত হওয়ার ৫৪ বছর পূর্ণ হলো।
স্বাধীনতার মাত্র ১০ মাসের মাথায় প্রণীত এই সংবিধান বাঙালির দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, মুক্তিযুদ্ধের চেতনা এবং স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার প্রতিফলন। তবে সংবিধান গৃহীত হওয়ার পর একই বছরের ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবসে এটি কার্যকর হয়।
সংবিধান প্রণয়নের লক্ষ্যে ১৯৭২ সালের ১১ এপ্রিল ড. কামাল হোসেনকে সভাপতি করে ৩৪ সদস্যের একটি সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। দীর্ঘ পর্যালোচনা ও আলোচনার পর কমিটি সংবিধানের খসড়া প্রস্তুত করে। পরে ১২ অক্টোবর গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে তৎকালীন আইনমন্ত্রী ড. কামাল হোসেন খসড়া সংবিধান বিল আকারে উত্থাপন করেন।
কয়েক দফা আলোচনা, বিতর্ক ও সংশোধনীর পর প্রায় ৭৩ ঘণ্টার আলোচনা শেষে ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে সংবিধানটি অনুমোদিত হয়।
বাংলাদেশের মূল সংবিধানে ১১টি ভাগ, ১৫৩টি অনুচ্ছেদ ও সাতটি তফসিল অন্তর্ভুক্ত করা হয়। রাষ্ট্র পরিচালনার চার মূলনীতি হিসেবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে স্বীকৃতি দেওয়া হয়।
বাংলাদেশের সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন। রাষ্ট্রের কাঠামো, সরকারের বিভিন্ন বিভাগের ক্ষমতা ও দায়িত্ব, নাগরিকের মৌলিক অধিকার এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি এই সংবিধানের মাধ্যমে নির্ধারিত হয়েছে।
প্রতি বছর ৪ নভেম্বর সংবিধান দিবস পালনের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের সাংবিধানিক যাত্রার ঐতিহাসিক গুরুত্ব স্মরণ করা হয়।
জাতীয় সব খবর















