Cvoice24.com

বিচারকদের আদালতে সময় দেওয়া নিয়ে কড়া বার্তা আইনমন্ত্রীর

সিভয়েস২৪ ডেস্ক
১৪:৫৬, ২৯ অক্টোবর ২০২৬
বিচারকদের আদালতে সময় দেওয়া নিয়ে কড়া বার্তা আইনমন্ত্রীর

দেশের কোনো কোনো স্থানে বিচারকেরা দিনে মাত্র দুই থেকে তিন ঘণ্টা আদালতের কার্যক্রম পরিচালনা করে চলে যান বলে অভিযোগ উঠেছে। এমন কর্মপরিবেশে চাকরি করার সুযোগ দেওয়া হবে কি না, সে বিষয়ে বিচারকদের সতর্ক করে কড়া বার্তা দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। 

তিনি বলেন, কেউ কেউ সকাল ১১টার দিকে আদালতে এসে বেলা দেড়টা বা দুইটার মধ্যে কাজ শেষ করে চলে যান। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ই-পারিবারিক আপিল আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।বিচারব্যবস্থায় মানুষের আস্থা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ন্যায়বিচারকে মানুষের বিশ্বাস ও ভরসার জায়গায় পরিণত করতে হলে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। এ ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

আইনমন্ত্রী বলেন, বিশেষ করে তরুণ বিচারকেরা প্রযুক্তির বিষয়ে দক্ষ। তিনি আশা প্রকাশ করেন, তারা কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যালেঞ্জ মোকাবিলা করে বিচারব্যবস্থাকে আরও আধুনিক করতে ভূমিকা রাখবেন।

দেশে বিচারাধীন মামলার সংখ্যা ৪৬ লাখের বেশি উল্লেখ করে আসাদুজ্জামান বলেন, বিপুলসংখ্যক মামলা নিষ্পত্তি করতে গিয়ে বিচারকদের ওপর অনেক চাপ তৈরি হচ্ছে। এই চাপ কমাতে সরকার কাজ করছে।

বিচারপ্রক্রিয়ায় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগের কথা তুলে ধরে আইনমন্ত্রী বলেন, এরইমধ্যে ই-বেইল বন্ড চালু করা হয়েছে, যার সুফল মানুষ পেতে শুরু করেছে। ডিজিটাল পদ্ধতিতে সাক্ষ্য গ্রহণ ও হাজিরা দেওয়ার ব্যবস্থাও আরও বিস্তৃত করার চিন্তা চলছে।

তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো কোনো আসামির ক্ষেত্রে ডিজিটাল হাজিরার ব্যবস্থা চালু হয়েছে। এ ব্যবস্থায় নির্ধারিত দিনে আসামি কারাগারে অবস্থান করেন। সংশ্লিষ্ট কারা কর্মকর্তা তার উপস্থিতি নিশ্চিত করেন এবং আদালত ডিজিটাল পদ্ধতিতে হাজিরা গ্রহণ করেন।