নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪
সিভয়েস২৪ ডেস্ক
নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নাটোর ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, বরিশালের বরগুনা থেকে রাজশাহীগামী আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পাবনাগামী বালুবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নয়জনের মৃত্যু হয়। পরে আহতদের হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও পাঁচজন মারা যান।
আহত ব্যক্তিদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল এবং রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। নিহতদের মধ্যে ১০ বছর বয়সী এক শিশু এবং ট্রাকচালক আলমগীর হোসেন রয়েছেন। অন্য নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানান, নিহতদের মরদেহ নাটোর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
জাতীয় সব খবর















