Cvoice24.com

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

সিভয়েস২৪ ডেস্ক
১৭:২৫, ১৭ অক্টোবর ২০২৬
রিয়াদগামী বিমানের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। অন্যদিকে, আগামী ২১ অক্টোবর থেকে দাম্মামগামী ফ্লাইট পুনরায় চালুর পরিকল্পনা করছে সংস্থাটি। তবে এ ক্ষেত্রে দাম্মাম বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন হবে।

শনিবার (১৭ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়াদ বিমানবন্দর কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা পাওয়ার পর এ রুটে ফ্লাইট পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে যাত্রীদের যথাসময়ে জানানো হবে।

এদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেদ্দা ও মদিনাগামী ফ্লাইট যথারীতি চালু রয়েছে। জরুরি প্রয়োজনে যাত্রীরা এ দুটি আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।

যাত্রীদের সুবিধার্থে মদিনা রুটে অধিক যাত্রীধারণক্ষমতাসম্পন্ন উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে, যা আগামী ১৮ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে। ১৯ অক্টোবর থেকে এ রুটে আগের মতো বোয়িং ৭৮৭ উড়োজাহাজ পরিচালনা করা হবে। এ ছাড়া যাত্রীদের চাহিদা বিবেচনায় জেদ্দা রুটে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, এসব রুটে ফ্লাইট পরিচালনা ও সময়সূচি নিয়ে পরবর্তী হালনাগাদ তথ্য যথাসময়ে জানানো হবে। টিকিট কেনা, বুকিং ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

জাতীয় সব খবর