Cvoice24.com

কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে আগুন, নিহত বেড়ে ৬

উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
১৩:২২, ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে আগুন, নিহত বেড়ে ৬

কক্সবাজারের উখিয়ার ইনানী বিচসংলগ্ন পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও নয়জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে চারজন কক্সবাজার সদর হাসপাতালে এবং তিনজন অন্য হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বাকি দুজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন বলে জানা গেছে।

শনিবার (১৭ অক্টোবর) সকালে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত রিসোর্টটিতে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুনে রিসোর্টটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৭টা ২৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। পরে সকাল ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা।

স্টেশন থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরের ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন নিয়ন্ত্রণে আসার পর ভবনটিতে উদ্ধার অভিযান শুরু হয়।

ঘটনাস্থল থেকে ছয়জনের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা দোলন আচার্য। তিনি জানান, দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের শরীরের প্রায় ৩০ শতাংশ পুড়ে গেছে। প্রাথমিকভাবে নিহত ব্যক্তিরা পর্যটক বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে তাঁদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

অগ্নিকাণ্ডে আরও প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। রিসোর্টের ভেতরে আর কেউ আটকা পড়ে আছেন কি না, তা জানতে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। আগুন লাগার সময় ভবনের ভেতরে কতজন ছিলেন এবং কেউ নিখোঁজ রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, এসআরবি ও স্থানীয় লোকজন উদ্ধার তৎপরতায় অংশ নেন। স্থানীয় সংসদ সদস্য শাহাজাহান চৌধুরী, জেলা প্রশাসক আবদুল মান্নান, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উখিয়ার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আব্দুল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি তদারকি করছেন।

স্থানীয়দের ধারণা, রিসোর্টের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি। রিসোর্টে অগ্নিনিরাপত্তাব্যবস্থা ছিল কি না এবং আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা-ও তাৎক্ষণিকভাবে জানা যায়নি। উদ্ধার অভিযান শেষে হতাহতের সংখ্যা ও ঘটনার বিস্তারিত জানা যেতে পারে।