Cvoice24.com

উখিয়া সীমান্তে ইয়াবা-অস্ত্রের চালান জব্দ, আটক ৩

উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
১৭:১৩, ১৩ অক্টোবর ২০২৬
উখিয়া সীমান্তে ইয়াবা-অস্ত্রের চালান জব্দ, আটক ৩

কক্সবাজারের উখিয়া সীমান্তে পৃথক তিনটি অভিযান চালিয়ে ২ লাখ ২০ হাজার পিস ইয়াবা, একটি ৯ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি ও একটি ডুবন্ত নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে তিনজনকে আটক করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাত থেকে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল পর্যন্ত উখিয়ার পালংখালী ও বালুখালী সীমান্ত এলাকায় ৬৪ বিজিবির অধীনস্থ বিওপির বিশেষ টহল দল এসব অভিযান চালায়। উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন— উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী রহমতের বিল গ্রামের ফরিদের ছেলে রকি আহমদ (২৬), একই ইউনিয়নের নলবুনিয়া গ্রামের নুর আলমের ছেলে বেলাল উদ্দিন (৩৫) ও খোরশেদ আলম।

বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১২টা ১৫ মিনিটের দিকে পালংখালী বিওপির একটি টহল দল নাফ নদীর বেড়িবাঁধসংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় ডুবন্ত নৌকা ব্যবহার করে ইয়াবা সংগ্রহের উদ্দেশ্যে মিয়ানমারে যাওয়ার প্রস্তুতিকালে বেলাল উদ্দিন ও খোরশেদ আলমকে আটক করা হয়। পরে নৌকাটি জব্দ করা হয়। নৌকাটি থেকে একটি ৯ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি ও বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম উদ্ধার করা হয়।

এরপর রাত তিনটার দিকে বালুখালী বিওপির টহল দল রহমতের বিলের সোহেলের ঘের এলাকায় অভিযান চালিয়ে রকি আহমদকে দুই লাখ পিস ইয়াবাসহ আটক করে। একই দিন সকাল ছয়টার দিকে পালংখালী বিওপির আরেকটি বিশেষ টহল দল পানির পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে আরও ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

বিজিবি জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত মাদকবিরোধী অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৬৬ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে ২২৮ জনকে আটক করে থানায় হস্তান্তর করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। জব্দ করা নৌকা, ইয়াবা, আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।

কক্সবাজার সব খবর