Cvoice24.com

টেকনাফ–সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চালুর দাবিতে মানববন্ধন, গণস্বাক্ষর

উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
১৮:২৩, ১০ অক্টোবর ২০২৬
টেকনাফ–সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চালুর দাবিতে মানববন্ধন, গণস্বাক্ষর

কক্সবাজারের টেকনাফের দমদমিয়া জাহাজঘাট থেকে সেন্টমার্টিন দ্বীপে জাহাজ চলাচল পুনরায় চালুর দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। 

শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া জাহাজঘাটে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‘জনসাধারণ, উখিয়া-টেকনাফ’ ও ‘টেকনাফ দূরপাল্লার বাস ব্যবস্থাপক সমবায় সমিতি’র ব্যানারে আয়োজিত কর্মসূচিতে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা টেকনাফ–সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল পুনরায় চালুর দাবিতে স্লোগান দেন।

কর্মসূচিতে বক্তব্য দেন হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য এবং রাজনৈতিক দলের নেতারা।

বক্তারা বলেন, টেকনাফ–সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ থাকায় দ্বীপের বাসিন্দাদের যাতায়াত এবং পর্যটনকেন্দ্রিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ রুটে জাহাজ চলাচল পুনরায় চালু হলে দ্বীপবাসীর যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি পর্যটন, স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও পরিবহন খাতে কর্মসংস্থানের সুযোগ বাড়বে।

তারা আরও বলেন, সেন্টমার্টিনের বাসিন্দাদের যাতায়াতের সুবিধা নিশ্চিত করার পাশাপাশি পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষের জীবিকার বিষয়টিও বিবেচনায় নেওয়া প্রয়োজন। এ জন্য দমদমিয়া জাহাজঘাট থেকে জাহাজ চলাচল পুনরায় চালুর উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

বক্তারা বলেন, নৌরুট চালুর ক্ষেত্রে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সামুদ্রিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সরকারি বিধিনিষেধ যথাযথভাবে অনুসরণ করতে হবে।

মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি থেকে টেকনাফ–সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল পুনরায় চালুর বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।