পেকুয়ায় পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন, ক্ষতি লক্ষাধিক টাকা
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি, সিভয়েস২৪
কক্সবাজারের পেকুয়ায় রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন পুকুরের মালিক বেলাল উদ্দিন। এ ঘটনায় তিনি পেকুয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার পশ্চিম বাইম্যাখালী এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার (১০ অক্টোবর) ভোরে পুকুরের পানিতে মরা মাছ ভেসে উঠতে দেখে বিষয়টি জানাজানি হয়।
ভুক্তভোগী বেলাল উদ্দিন স্থানীয় পশু চিকিৎসক এবং বাইম্যাখালী এলাকার নুরুল হোছাইনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শখ করে নিজের পুকুরে কাতলা, রুই, তেলাপিয়া ও পাঙ্গাসসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন। মাছগুলোও বেশ বড় হয়ে উঠেছিল।
স্থানীয়রা জানান, শুক্রবার দিবাগত রাতের কোনো একসময় পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছে। শনিবার ভোরে পুকুরের পানিতে মাছ ভেসে উঠতে দেখে স্থানীয় বাসিন্দারা বেলাল উদ্দিনকে খবর দেন। পরে তিনি পুকুরে গিয়ে বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে থাকতে দেখেন। কিছু মাছ পানির নিচে তলিয়ে যায়। এ সময় স্থানীয় বাসিন্দারা কয়েকটি মাছ তুলে পুকুরপাড়ে রাখেন।
বেলাল উদ্দিন বলেন, ‘শখ করে পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করছিলাম। মাছগুলো বেশ বড় হয়েছিল। মাঝেমধ্যে ক্যাপা জাল দিয়ে নিজেই মাছ ধরতাম। ইচ্ছা ছিল, সব মাছ একসঙ্গে ধরে প্রতিবেশীদের মধ্যেও বিলিয়ে দেব। কিন্তু পুকুরে বিষ প্রয়োগের ঘটনায় সেই ইচ্ছা আর পূরণ হলো না।’
তিনি অভিযোগ করেন, পূর্ববিরোধের জেরে পুকুরে বিষ প্রয়োগ করা হয়ে থাকতে পারে। তার দাবি, মদন আলীর ছেলে শাহ আলম এর আগে তাকে হুমকি দিয়েছিলেন। ওই বিরোধের কারণেই এমন ঘটনা ঘটেছে বলে তার সন্দেহ। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা এছারুল হক ও মহিউদ্দিন বলেন, ভোরে ফজরের নামাজে যাওয়ার সময় পুকুরের মাছগুলো দেখে তাদের ভালো লাগত। বেলাল উদ্দিন শখ করে মাছ চাষ করছিলেন। পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনায় তারা দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
বেলাল উদ্দিন জানান, এ ঘটনায় তার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। দীর্ঘদিনের শখের মাছ হারিয়ে তিনি হতাশ। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের উপপরিদর্শক (এসআই) পল্লব ঘোষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কক্সবাজার সব খবর















