Cvoice24.com

রামুতে সড়ক দুর্ঘটনায় সিএনজি যাত্রী নিহত, আহত ৩

কক্সবাজার প্রতিনিধি
২১:০১, ৬ অক্টোবর ২০২৬
রামুতে সড়ক দুর্ঘটনায় সিএনজি যাত্রী নিহত, আহত ৩

কক্সবাজারের রামুতে সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার বিকেল ৪টা ৫ মিনিটের দিকে উপজেলার মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা ছড়ারকুল জামে মসজিদের সামনে কক্সবাজার-টেকনাফ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উখিয়া থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল সিএনজিচালিত অটোরিকশাটি। পথে কোনো একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে এটি সড়কের পাশে ছিটকে পড়ে। স্থানীয় লোকজনের ভাষ্য, টেকনাফগামী বিজিবির একটি ট্রাক সিএনজিটিকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। তবে পুলিশ কোনো গাড়ির সঙ্গে সিএনজিটির সংঘর্ষের বিষয়টি এখনো নিশ্চিত করতে পারেনি।

দুর্ঘটনার পর গুরুতর আহত এক যাত্রীকে স্থানীয় লোকজন উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আহত আরও তিনজনকে উদ্ধার করে একই হাসপাতালে পাঠানো হয়েছে।

রামু হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি সিএনজি অটোরিকশা দেখতে পায়। এতে একজন নিহত ও তিনজন গুরুতর আহত ছিলেন। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি বলেন, ‘সিএনজিটি উখিয়া থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। ঠিক কোন গাড়ির সঙ্গে এর সংঘর্ষ হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।