Cvoice24.com

জাল কাগজে ভোটার হওয়ার চেষ্টা, টেকনাফে যুবকের কারাদণ্ড

কক্সবাজার প্রতিনিধি
১৭:৩৬, ৫ অক্টোবর ২০২৬
জাল কাগজে ভোটার হওয়ার চেষ্টা, টেকনাফে যুবকের কারাদণ্ড

জাল কাগজপত্র দিয়ে ভোটার হওয়ার আবেদন করার অভিযোগে কক্সবাজারের টেকনাফে নুরুল আজিজ (২২) নামে এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান এ দণ্ড দেন।

নুরুল আজিজ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের দৈংগ্যাকাটা এলাকার মো. হাফেজের ছেলে।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ভোটার হওয়ার আবেদনে নুরুল আজিজ তাঁর বাবার নাম ‘মো. রশিদ’ উল্লেখ করেন। আবেদনের সঙ্গে তিনি নাগরিকত্ব ও চারিত্রিক সনদ এবং জন্মনিবন্ধনের কাগজপত্র জমা দেন।

যাচাই-বাছাইয়ের সময় কাগজপত্রে অসংগতি ধরা পড়লে নির্বাচন কর্মকর্তারা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। পরে যাচাই করে কর্মকর্তারা তাঁর প্রকৃত বাবার নাম মো. হাফেজ বলে নিশ্চিত হন।

নির্বাচন কর্মকর্তা মো. সালাউদ্দীন আল আজাদ বলেন, অন্য একজনকে বাবা পরিচয় দিয়ে নাগরিকত্ব সনদ ও জন্মনিবন্ধন তৈরি করে নুরুল আজিজ ভোটার হওয়ার আবেদন করেছিলেন। যাচাই করে জালিয়াতির প্রমাণ পাওয়ার পর তাঁকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান বলেন, সনদ ও জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে ওই যুবককে কারাদণ্ড দেওয়া হয়েছে।

“তিনি রোহিঙ্গা নাগরিক কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে,” বলেন তিনি।