পেকুয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে পুড়লো বসতঘর
পেকুয়া প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের রাহাত আলী পাড়ার নুরুল হকের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ঘরের আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ আগুন দেখতে পান তারা। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, মুহূর্তের মধ্যেই পুরো বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নেভানোর চেষ্টা করেন তারা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়।
পেকুয়া ফায়ার সার্ভিস ইনচার্জ শফিউল আলম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
কক্সবাজার সব খবর















