Cvoice24.com

বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল: সেন্টমার্টিন থেকে টেকনাফে ফিরলেন ৬৮০ পর্যটক

উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
১৮:০০, ২১ নভেম্বর ২০২৬
বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল: সেন্টমার্টিন থেকে টেকনাফে ফিরলেন ৬৮০ পর্যটক

বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে আটকে পড়া পর্যটকদের একটি অংশ বিশেষ ব্যবস্থায় টেকনাফে ফিরেছেন। শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে ১০টি সার্ভিস ট্রলারে করে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের ফিরিয়ে আনা হয়। দুপুর ২টা পর্যন্ত ৬৮০ জন টেকনাফে পৌঁছেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সকাল নয়টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত সেন্টমার্টিন জেটিঘাট থেকে ট্রলারগুলো টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাটের উদ্দেশে ছেড়ে যায়। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে প্রায় সাড়ে চার শ পর্যটক ছিলেন।

এর আগে বুধবার (১৮ নভেম্বর) কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়াছড়া ঘাট থেকে এমভি বারো আউলিয়া, কর্ণফুলী এক্সপ্রেস, এমভি টেকনাফ ও এমভি মালঞ্চ নামের চারটি জাহাজে করে পর্যটকেরা সেন্টমার্টিনে যান। পরে আবহাওয়ার অবনতি এবং সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি হলে কক্সবাজার-সেন্টমার্টিন ও টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দ্বীপে প্রায় দেড় হাজার পর্যটক আটকা পড়েন।

অতিরিক্ত দিন দ্বীপে অবস্থান করতে হওয়ায় অনেক পর্যটক আর্থিক সংকটে পড়েছেন। তাদের কেউ কেউ ফেরার জন্য আগাম কাটা জাহাজের টিকিট বাতিল হওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। জরুরি কাজ ও বাড়তি খরচের চাপে অনেকে ঝুঁকি থাকা সত্ত্বেও ট্রলারে করে দ্বীপ ছাড়তে আগ্রহী হন। এ কারণে শনিবার সকাল থেকেই সেন্টমার্টিন জেটিঘাটে পর্যটকদের ভিড় দেখা যায়।

আটকে পড়া পর্যটকদের দুর্ভোগ কমাতে এগিয়ে এসেছেন দ্বীপের হোটেল ব্যবসায়ীরা। অনেক হোটেলে কক্ষভাড়া ৫০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। কিছু হোটেলে বিনা মূল্যে থাকার ব্যবস্থাও করা হয়েছে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, দ্বীপে আটকা পড়া পর্যটকেরা নিরাপদে রয়েছেন। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা তাদের সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, বৈরী আবহাওয়ার কারণে দ্বীপে আটকা পড়া পর্যটকদের মধ্যে যাদের জরুরি প্রয়োজন রয়েছে বা যারা আর্থিক সংকটে পড়েছেন, তাদের একটি অংশকে সার্ভিস ট্রলারে করে টেকনাফে ফিরিয়ে আনা হচ্ছে। দ্বীপে অবস্থানরত অন্য পর্যটকদের নিরাপত্তার বিষয়েও প্রশাসন গুরুত্ব দিচ্ছে।

সী ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, পর্যটকদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। আবহাওয়া স্বাভাবিক হলে জাহাজ চলাচল শুরু হবে। তখন দ্বীপে আটকে পড়া পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান জানান, সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রয়েছে। তবে শনিবারের মধ্যে সতর্কসংকেত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার (২২ নভেম্বর) থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে এবং সোমবার  (২৩ নভেম্বর) নাগাদ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিআইডব্লিউটিএ সূত্র জানায়, আবহাওয়া অনুকূলে থাকলে রবিবার থেকে সেন্টমার্টিন নৌপথে আবার জাহাজ চলাচল শুরু হতে পারে। তবে আবহাওয়ার পরিস্থিতি বিবেচনা করেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।