Cvoice24.com

রাজনৈতিক বিরোধের জেরে যুবদল কর্মীকে হত্যা, পলাতক ৩ আসামি ধরা

সিভয়েস২৪ প্রতিবেদক
২২:২২, ২১ নভেম্বর ২০২৬
রাজনৈতিক বিরোধের জেরে যুবদল কর্মীকে হত্যা, পলাতক ৩ আসামি ধরা

নগরের বায়েজিদ বোস্তামীতে যুবদল কর্মী আবু ইউসুফ প্রকাশ জীবন হত্যা মামলায় পলাতক তিন আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি। লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

শনিবার (২১ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন এসআরবির সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. মেহেদী হাসান বাদশা (২৫), মো. নাবিদ প্রকাশ শাহরিয়াজ আলম (২৪) এবং রাপিদ প্রকাশ মূতাবিদ আলম (২৮)। তাঁরা সবাই চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার কুঞ্জছায়া আবাসিক এলাকার বাসিন্দা। মামলার এজাহারে মেহেদী ২ নম্বর, নাবিদ ৬ নম্বর এবং রাপিদ ৮ নম্বর আসামি।

এসআরবির দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে সংস্থাটি জানতে পারে, হত্যা মামলার পলাতক তিন আসামি লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি থানা এলাকায় আত্মগোপনে রয়েছেন। এর ভিত্তিতে এসআরবি-৭, চট্টগ্রাম ও এসআরবি-১১, সিপিসি-৩, নোয়াখালীর যৌথ দল গত নভেম্বর মাসের ২১ তারিখ রাতে অভিযান শুরু করে। রাত থেকে ভোর পর্যন্ত বিভিন্ন সময়ে পরিচালিত অভিযানে তাঁদের আটক করা হয়।

মামলার বিবরণে জানা যায়, নিহত আবু ইউসুফ জীবন বায়েজিদ বোস্তামী এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। তিনি স্থানীয় একটি আইসক্রিম কারখানায় দিনমজুর হিসেবে কাজ করতেন। একসময় অভিযুক্তদের সঙ্গে রাজনীতিতে যুক্ত থাকলেও পরে রাজনীতি ছেড়ে দেওয়া ও পক্ষ পরিবর্তনকে কেন্দ্র করে তাঁদের সঙ্গে বিরোধ তৈরি হয় বলে জানানো হয়েছে।

এর জেরে গত ২৭ অক্টোবর রাত পৌনে ১০টার দিকে নগরের কুঞ্জছায়া আবাসিক এলাকায় লাঠিসোঁটা ও ধারালো ছুরি নিয়ে জীবনের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এলোপাতাড়ি ছুরিকাঘাতে গুরুতর আহত জীবনকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৯ অক্টোবর তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে বায়েজিদ বোস্তামী থানায় ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করে মামলা করেন। ২৮ অক্টোবর দায়ের করা মামলাটিতে পরে দণ্ডবিধির ৩০২ ধারা সংযোজন করা হয়।

তিনি বলেন, 'গ্রেপ্তারদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বায়েজিদ বোস্তামী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।'

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর