Cvoice24.com

শীত-বসন্তজুড়ে নগরীর সড়ক সংস্কার চলবে: চসিক প্রশাসক

সিভয়েস২৪ প্রতিবেদক
১৬:৫৪, ২১ নভেম্বর ২০২৬
শীত-বসন্তজুড়ে নগরীর সড়ক সংস্কার চলবে: চসিক প্রশাসক

বর্ষাকাল শেষ হওয়ায় আগামী পাঁচ থেকে ছয় মাস, অর্থাৎ পুরো শীত ও বসন্ত মৌসুমজুড়ে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় সড়ক সংস্কারের কাজ চলবে। প্রধান সড়কের পাশাপাশি প্রতিটি ওয়ার্ডের ছোট-বড় অলিগলিও পর্যায়ক্রমে উন্নয়নের আওতায় আনা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন।

শনিবার (২১ নভেম্বর) নগরীর ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে চসিকের অর্থায়নে পাঁচটি সড়কের উন্নয়নকাজ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, 'নগরের কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না। প্রতিটি এলাকার মানুষের চলাচলের সুবিধা নিশ্চিত করতে সড়ক নির্মাণ ও সংস্কার কার্যক্রম অব্যাহত থাকবে। প্রতিটি ওয়ার্ডের অলিগলি চিহ্নিত করে পর্যায়ক্রমে উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে।'

উদ্বোধন করা পাঁচটি সড়ক হলো—ডি.সি. রোডের ফজলুর রহমান পাড়া (জালিয়াপাড়া) সড়ক, চাঁন্দমিয়া মুন্সি লেইনের আমীর হোসেন সড়ক, একই লেইনের আবেদীন সওদাগর সড়ক, মদিনা আবাসিক এলাকার আমিরুন্নেছা সড়ক এবং সবুজবাগ আবাসিক এলাকার মনোআরা ভবনসংলগ্ন সড়ক।

প্রশাসক জানান, গত দুই বছরে নগরীতে সড়ক, অবকাঠামো, নালা ও ড্রেন সংস্কারসহ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকার উন্নয়নকাজ বাস্তবায়ন করা হয়েছে। বিভিন্ন ওয়ার্ডে এখনো ব্যাপক উন্নয়নকাজ চলমান রয়েছে। কোনো কোনো ওয়ার্ডে ১২৫ থেকে ১৫০ কোটি টাকা এবং কোনো কোনো ওয়ার্ডে ২২৫ থেকে ২৫০ কোটি টাকার উন্নয়নকাজ সম্পন্ন হয়েছে। ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডেও ইতোমধ্যে প্রায় ৫০ থেকে ৬০ কোটি টাকার উন্নয়নকাজ বাস্তবায়ন করা হয়েছে।

তিনি বলেন, 'নগরের অনেক অলিগলি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী ছিল। এসব সড়কের উন্নয়নের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। শুধু প্রধান সড়ক নয়, প্রতিটি ওয়ার্ডের প্রতিটি অলিগলিতে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে সিটি করপোরেশন কাজ করছে। এ কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে।'

সড়ক নির্মাণ ও সংস্কারে গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে ডা. শাহাদাত হোসেন বলেন, 'উন্নয়নকাজে উন্নতমানের নির্মাণসামগ্রী ব্যবহার নিশ্চিত করতে হবে। কাজের মান বজায় রাখতে এলাকাবাসীকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ ক্ষেত্রে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।'

নগরীর পরিচ্ছন্নতা রক্ষায় নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, 'যত্রতত্র ময়লা-আবর্জনা, প্লাস্টিক ও পলিথিন ফেলা থেকে সবাইকে বিরত থাকতে হবে। পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে সিটি করপোরেশনের পাশাপাশি নগরবাসীকেও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।'

তিনি আরও বলেন, 'চট্টগ্রামকে আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে তাঁরা বদ্ধপরিকর। নাগরিকদের প্রত্যাশা পূরণে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। নগরীর ৪১টি ওয়ার্ডের প্রতিটি এলাকায় পর্যায়ক্রমে উন্নয়নকাজ বাস্তবায়নের মাধ্যমে একটি সুন্দর ও পরিকল্পিত চট্টগ্রাম গড়ে তোলা হবে।'

এ সময় উপস্থিত ছিলেন চসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম ও শাফকাত আমিন, চট্টগ্রাম মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, খোরশেদ আলম, আব্দুল কাদের, আবদুর রহিম, ফরিদুল আলম ও মাওলানা মুসা, সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী নাছিম, প্রমুখ।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর