Cvoice24.com

চাঁদার প্রতিবাদে যুবক খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

সিভয়েস২৪ প্রতিবেদক
১৯:০২, ২০ নভেম্বর ২০২৬
চাঁদার প্রতিবাদে যুবক খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের পাহাড়তলীতে সিএনজিচালিত অটোরিকশাচালকের কাছে চাঁদা দাবির প্রতিবাদ করায় ছুরিকাঘাতে যুবক নিহতের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। তার নাম মো. আবুল হোসেন আজিম (৩০)। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১১টার দিকে পাহাড়তলীর ইস্পাহানি রেলগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আজিম নোয়াখালীর সেনবাগ থানাধীন ঈদুলপুর এলাকার মৃত সফিক আহম্মদের ছেলে।

র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ এসব তথ্য জানান। তিনি বলেন, সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাহাড়তলী থানার একেখাঁন মোড়ের জাকির হোসেন রোড সংলগ্ন এলাকায় সিএনজি (ম্যাক্সিমা) চালক শাহাদাত হোসেনের কাছে একদল সশস্ত্র দুর্বৃত্ত এক হাজার টাকা চাঁদা দাবি করে। শাহাদাত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দুর্বৃত্তরা তাকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে।

এ সময় শাহাদাতের বন্ধু সাজ্জাদ হোসেন মাসুম (২৮) ওই পথ দিয়ে যাওয়ার সময় বন্ধুকে আক্রান্ত হতে দেখে প্রতিবাদ জানান। এতে ক্ষিপ্ত হয়ে দুর্বৃত্তরা সাজ্জাদের বুকের ডান পাশে ও পেটের বাম পাশে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে সাজ্জাদের মৃত্যু হয়।

নিহত সাজ্জাদ হোসেন মাসুম নগরের আকবর শাহ থানাধীন ফিরোজশাহ এলাকার মাহবুব আলমের ছেলে।

এ ঘটনায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নিহতের মামা বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করে পাহাড়তলী থানায় মামলা করেন।  দায়ের করা মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩৮৫, ৩২৩, ৩২৪, ৩০৭, ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে র‌্যাব-৭ ছায়া তদন্তের পাশাপাশি গোয়েন্দা নজরদারি শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে মামলার এজাহারভুক্ত পাঁচ নম্বর আসামি আবুল হোসেন আজিমের পাহাড়তলী এলাকায় আত্মগোপনে থাকার তথ্য পাওয়া যায়। পরে ইস্পাহানি রেলগেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আজিমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান র‌্যাব-৭-এর এই কর্মকর্তা।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর