বাকলিয়ায় হত্যা করে কুমিল্লায় আত্মগোপন, গ্রেপ্তার ৩
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রাম নগরের বাকলিয়ায় আব্দুস সোবহান হত্যা মামলায় কুমিল্লা থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুজন মামলার এজাহারভুক্ত আসামি, অন্যজন তদন্তে সন্দেহভাজন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এসআরবি-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ এ তথ্য জানান।
গ্রেপ্তাররা হলেন— মো. নাছির (৪৫), হাজেরা (৪৫) ও মো. ফারুক (৪২)।
মোসলেহ উদ্দিন আহমেদ জানান, গত ১২ নভেম্বর রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে বাকলিয়া থানার তক্তারপুল এলাকায় নিজ বাড়ির সামনে প্রতিপক্ষের হামলার শিকার হন আব্দুস সোবহান (৩৩)। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, এলাকার মাদক স্পটগুলোর নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় প্রতিপক্ষের সঙ্গে সোবহানের দীর্ঘদিনের বিরোধ ছিল। পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহত সোবহানের বিরুদ্ধে আগে একটি হত্যা মামলাসহ মাদকসংক্রান্ত একাধিক মামলা ছিল বলেও জানান তিনি।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করে বাকলিয়া থানায় হত্যা মামলা করেন।
হত্যাকাণ্ডের পর আসামিদের গ্রেপ্তারে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে এসআরবি-৭। একপর্যায়ে গোপন তথ্যের ভিত্তিতে সংস্থাটি জানতে পারে, মামলার কয়েকজন অভিযুক্ত কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ এলাকায় আত্মগোপনে রয়েছেন।
এর ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এসআরবি-৭, চট্টগ্রাম ও এসআরবি-১১, সিপিসি-২, কুমিল্লার যৌথ দল অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর












