Cvoice24.com

খাগড়াছড়িতে পার্ক করে রাখা দুটি পিকআপে আগুন

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি, সিভয়েস২৪
১৫:১৮, ১৯ নভেম্বর ২০২৬
খাগড়াছড়িতে পার্ক করে রাখা দুটি পিকআপে আগুন

খাগড়াছড়ি সদর উপজেলার খাগড়াপুর এলাকায় পার্কিংয়ে রাখা দুটি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে গাড়ি দুটির ভেতরের আসনসহ বিভিন্ন অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে নাশকতার চেষ্টা বলে সন্দেহ করছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে মাস্টারের দোকানের সামনে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, মাস্টারের দোকানের সামনে নিয়মিত চারটি পিকআপ পার্কিং করে রাখা হতো। গাড়িগুলো সাজেক সড়কে পর্যটক পরিবহনের কাজে ব্যবহৃত হয়। বুধবার রাতে যথারীতি চারটি গাড়ি সেখানে রাখা হয়। পরে গভীর রাতে দুর্বৃত্তরা সেগুলোর মধ্যে দুটি পিকআপে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। 

ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যে পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুন দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশের পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। কারা এবং কী কারণে পিকআপ দুটিতে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।’