Cvoice24.com

রাঙ্গুনিয়ায় আ.লীগ নেতার ভবনে আগুন

সিভয়েস২৪ ডেস্ক
২২:৫৫, ১৯ নভেম্বর ২০২৬
রাঙ্গুনিয়ায় আ.লীগ নেতার ভবনে আগুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উপজেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদের মালিকানাধীন তিনতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ভবনের দ্বিতীয় তলায় থাকা অফিস ও বসতঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার পোমরা ইউনিয়নের গোচরা চৌমুহনী মাদ্রাসা মার্কেট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সূত্রে জানা গেছে, এমরুল করিম রাশেদের মালিকানাধীন তিনতলা ভবনের দ্বিতীয় তলায় দুই কক্ষবিশিষ্ট অফিস কাম বসতঘরে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস স্টেশনের লিডার জাহেদুর রহমান।