Cvoice24.com

নাস্তা করতে গিয়ে গায়েব ‘পুলিশের গাড়ি’

সিভয়েস২৪ প্রতিবেদক
১৮:০৮, ১৮ নভেম্বর ২০২৬
নাস্তা করতে গিয়ে গায়েব ‘পুলিশের গাড়ি’

সড়কের পাশে পুলিশের পিকআপ ভ্যান রেখে ক্যান্টিনে নাস্তা করতে গিয়েছিলেন কয়েকজন সদস্য। ফিরে এসে দেখেন, পিকআপটি উধাও। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, নকল চাবি দিয়ে গাড়িটি স্টার্ট করে নিয়ে গেছেন এক ব্যক্তি।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে নগরের হালিশহর থানার ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইনের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চুরি যাওয়া গাড়ি উদ্ধারে তৎপরতা শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) হালিশহর থানার পেট্রোল মোবাইল টিমের কয়েকজন সদস্য বুধবার দুপুরে পিকআপ ভ্যানটি জেলা পুলিশ লাইনের সামনে সড়কের পাশে পার্কিং করে রাখেন। পরে তারা পাশের একটি ক্যান্টিনে নাস্তা করতে যান। দুপুর পৌনে ৩টার দিকে ফিরে এসে দেখেন, গাড়িটি সেখানে নেই।

পরে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, এক ব্যক্তি গাড়িটির কাছে এসে নকল চাবি দিয়ে সেটি স্টার্ট করেন। এরপর দ্রুত পিকআপটি নিয়ে চলে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিএমপির সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ। তিনি সিভয়েস২৪’কে বলেন, ‘হালিশহর থানার মোবাইল পেট্রোল টিমের সদস্যরা গাড়িটি সড়কের পাশে রেখে ক্যান্টিনে নাস্তা করতে গিয়েছিলেন। এ সময় নকল চাবি ব্যবহার করে এক ব্যক্তি গাড়িটি নিয়ে যান।’

তিনি আরও বলেন, ‘সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোরকে শনাক্ত এবং গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে।’

দিনদুপুরে জেলা পুলিশ লাইনের সামনে থেকে পুলিশের গাড়ি চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চুরি যাওয়া পিকআপের সন্ধানে পুলিশের একাধিক দল তল্লাশি চালাচ্ছে।