মিরপুরে সড়ক অবরোধ, গাজীপুরে ২৬ পোশাক কারখানা বন্ধ
সিভয়েস২৪ ডেস্ক
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। অন্যদিকে, শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২৬টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া শ্রমিকেরা কাজে যোগ না দেওয়ায় আরও পাঁচটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে মিরপুরের পল্লবী এলাকায় শ্রমিকদের বিক্ষোভ শুরু হয়। এতে মিরপুর-১০ থেকে মিরপুর-১২ নম্বর পর্যন্ত সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল সাড়ে ৮টার দিকে পল্লবী থানার সেকশন-৭ এলাকার কয়েকটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। অধিকাংশ শ্রমিক বাসায় ফিরে গেলেও একাংশ পল্লবী-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দেন।
শ্রমিকদের অবরোধের কারণে ওই সড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
এদিকে, গাজীপুরে শ্রমিক আন্দোলনের কারণে ২৬টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। পাশাপাশি ভোগড়া এলাকার আরও পাঁচটি কারখানায় শ্রমিকেরা কাজে যোগ না দেওয়ায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার সকালে গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন এ তথ্য জানান।
তিনি বলেন, কোনাবাড়ী, মৌচাক ও পল্লীবিদ্যুৎসহ গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিক আন্দোলনের জেরে ২৬টি কারখানা বন্ধ রয়েছে। এ ছাড়া ভোগড়া এলাকায় পাঁচটি কারখানায় শ্রমিকেরা কাজে যোগ না দেওয়ায় কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে।
পুলিশ সুপার আরও জানান, ছুটি ঘোষণার পর শ্রমিকেরা দলবদ্ধভাবে কারখানা এলাকা ছেড়ে যাওয়ার সময় কিছুটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় তারা সড়কের পাশ ও বিভিন্ন অলিগলির মুখে অবস্থান নেন।
তবে সংশ্লিষ্ট এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও আশপাশের শিল্প এলাকায় বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
অর্থ-বাণিজ্য সব খবর















