Cvoice24.com

সিগারেট তৈরির যন্ত্র আমদানি জেআরের নামে, আড়ালে ‘এসএম টোব্যাকো’?

সিভয়েস২৪ প্রতিবেদক
১৭:১৯, ১২ নভেম্বর ২০২৬
সিগারেট তৈরির যন্ত্র আমদানি জেআরের নামে, আড়ালে ‘এসএম টোব্যাকো’?

প্যাকিং ও র‍্যাপিং মেশিন আমদানির ঘোষণা দিয়ে চট্টগ্রাম বন্দরে আনা হয়েছে সিগারেট উৎপাদন ও প্যাকেজিংয়ের সাতটি যন্ত্র। কাগজে-কলমে আমদানিকারক ঢাকার প্রতিষ্ঠান জেআর বিজনেস ওয়ার্ল্ড। তবে অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, এই আমদানির সঙ্গে বগুড়ার এসএম টোব্যাকোর সংশ্লিষ্টতার ইঙ্গিত পাওয়া গেছে। প্রতিষ্ঠানটির পক্ষে সাব্বির নামের এক ব্যক্তি ঢাকায় জেআর বিজনেস ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে অন্তত তিন দফা বৈঠক করেন। এসব বৈঠকের পর আমদানি চুক্তি চূড়ান্ত হয় বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

জেআর বিজনেস ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক মো. মইনুদ্দিন হাসান খোকন আমদানির বিষয়টি স্বীকার করে বলেছেন, অন্যদের প্ররোচনায় পড়ে তিনি এ কাজ করেছেন। 

তিনি আরও বলেন, ‘আমি খুব পুরোনো কিংবা বড় ব্যবসায়ী নই। আগে কখনো এ ধরনের কাজ করিনি, এবারই প্রথম। আমি এটা ভুল করেছি। ব্যবসার শুরুতেই আমি ধাক্কা খেলাম। বিভিন্নজনের কথাবার্তায় আমি ফেঁসে গেলাম।’

তিন বৈঠকের পর চূড়ান্ত হয় আমদানি চুক্তি

এসএম টোব্যাকোর পক্ষে সাব্বির নামের এক ব্যক্তি ঢাকায় জেআর বিজনেস ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক মইনুদ্দিন হাসান খোকনের সঙ্গে অন্তত তিন দফা বৈঠক করেন বলে অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী জানা গেছে। এসব বৈঠকের ধারাবাহিকতায় সিগারেট উৎপাদন ও প্যাকেজিংয়ের যন্ত্রপাতি আমদানির চুক্তি চূড়ান্ত হয় বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

আমদানির প্রক্রিয়া সম্পর্কে মইনুদ্দিন হাসান খোকন বলেন, ‘আমদানির ক্ষেত্রে শুধু জেআর বিজনেস ওয়ার্ল্ডের লাইসেন্স ব্যবহার করা হয়েছে। অন্য সব কার্যক্রম এসএম টোব্যাকোর পক্ষে সাব্বির নামের ওই ব্যক্তি তার লোকজন নিয়ে সম্পন্ন করেছেন। যন্ত্রপাতির প্রকৃত ক্রেতা তারাই এবং আমদানির সিংহভাগ অর্থের জোগানও দিয়েছেন তারা। তাদের পক্ষ থেকেই সব কার্যক্রম সম্পন্ন করার কথা ছিল। লাইসেন্স ব্যবহারের বিপরীতে শুধু কমিশন পাওয়ার কথা ছিল জেআর বিজনেস ওয়ার্ল্ডের।’

বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, ‘সেপ্টেম্বর মাসের শুরুর দিকে মুঠোফোনে যোগাযোগ করে দুজন ব্যক্তি সাক্ষাৎ করতে আসেন। তারা এসএম টোব্যাকোর সঙ্গে সম্পৃক্ততার পরিচয় দেন। পরবর্তীতে তারা বলেন, আমরা মেশিনারিজ নিয়ে কাজ করি। আমাদের কিছু মেশিনারিজ আমদানি করতে হবে সংযুক্ত আরব আমিরাত থেকে। আপনার লাইসেন্স ব্যবহার করতে চাই। আপনিও আমাদের সঙ্গে ব্যবসায় পার্টনার হিসেবে থাকবেন। সব কার্যক্রম আমরাই সম্পন্ন করব। আপনার শুধু লাইসেন্স ব্যবহার করব, বিনিময়ে আপনাকে একটা কমিশন দেওয়া হবে। পরবর্তীতে বিভিন্ন সময়ে তাদের লোকজন এসে আমার সঙ্গে দেখা করে কাগজপত্র প্রস্তুত করে দিয়েছেন এবং এলসি খুলতে সহায়তা করেছেন। এমনকি রপ্তানিকারকের সঙ্গেও তারাই যোগাযোগ করেছেন।’

তবে সাব্বিরের পূর্ণ পরিচয়, এসএম টোব্যাকোর সঙ্গে তার আনুষ্ঠানিক সম্পর্ক এবং বৈঠকগুলোর তারিখ ও আলোচনার বিষয়বস্তু নিশ্চিত হওয়া যায়নি। আমদানির সিংহভাগ অর্থ এসএম টোব্যাকোর পক্ষ থেকে দেওয়া হয়েছে বলে জেআর বিজনেস ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দাবি করলেও এ বিষয়ে আর্থিক লেনদেনের নথি পাওয়া যায়নি। যন্ত্রপাতির চূড়ান্ত ব্যবহারকারী এবং সেগুলো কোথায় স্থাপন করা হবে, তা-ও এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘোষণায় প্যাকিং মেশিন, চালানে সিগারেট উৎপাদন লাইন

চট্টগ্রাম বন্দরে চালানটি পরীক্ষা করে সাতটি সিগারেট উৎপাদন ও প্যাকেজিংয়ের যন্ত্র শনাক্ত করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। আমদানি নথিতে এগুলোকে ‘বিএনসি প্যাকিং লাইন মেশিন সেট’ হিসেবে ঘোষণা করা হলেও বিস্তারিত পরীক্ষায় সিগারেট তৈরির মূল যন্ত্রসহ উৎপাদন লাইনের বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়। চালানটির ঘোষিত ইনভয়েস মূল্য ১৭ হাজার ৬০০ মার্কিন ডলার। অন্যদিকে, সিআইআইডির প্রাথমিক ওয়েবসাইটভিত্তিক তুলনামূলক হিসাবে যন্ত্রগুলোর মূল্য ৪ লাখ ৪৩ হাজার ডলার—ঘোষিত মূল্যের প্রায় ২৫ গুণ।

সিআইআইডির তথ্য অনুযায়ী, ঢাকার মিরপুরের প্রতিষ্ঠান জেআর বিজনেস ওয়ার্ল্ড (বিআইএন ০০৯০৩৫৩৪৪-০৪০১) সংযুক্ত আরব আমিরাতের আলী ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে ছয়টি প্যাকেজে যন্ত্রপাতি আমদানি করে। ৪ নভেম্বর চট্টগ্রাম কাস্টমস হাউসে সি-১৩২১৮৭৮ নম্বর বিল অব এন্ট্রি দাখিল করা হয়। এতে পণ্যের নাম দেওয়া হয়েছিল ‘বিএনসি প্যাকিং লাইন মেশিন সেট’। এইচএস কোড ব্যবহার করা হয় ৮৪২২৪০০০, যা প্যাকিং ও র‍্যাপিং যন্ত্রপাতির জন্য নির্ধারিত।

প্রাথমিক তথ্যে ছয়টি মেশিনের কথা থাকলেও বিস্তারিত পরীক্ষায় মোট সাতটি যন্ত্র শনাক্ত হয়। এগুলো হলো—এইচপিএল ২২৫ সিগারেট মেকার, এইচপিএল প্যাকার, এইচপিএল ফিডার, এইচপিএল গ্লুইং মেশিন, সিপি১ সিগারেট প্যাক র‍্যাপিং মেশিন, এসএএসআইবি বক্সার সিগারেট প্যাকিং মেশিন এবং সিগারেট ফিল্ম ওভারর‍্যাপার বা সেলোফেন ওভারর‍্যাপার।

চালানটির মোট ওজন ৫ হাজার ৫০০ কেজি এবং নিট ওজন ৫ হাজার ২২৬ কেজি। পণ্য খালাসের জন্য নিয়োজিত সিঅ্যান্ডএফ এজেন্ট এক্সপ্রেস লজিস্টিকস লিমিটেড (এআইএন ৩০১৭৬০৬২১)। সিআইআইডির তথ্যপত্রে বলা হয়েছে, রপ্তানিকারক আলী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মূল ব্যবসা তামাক উৎপাদন ও তামাকশিল্পের যন্ত্রপাতি সরবরাহ।

সিআইআইডির প্রাথমিক তথ্যপত্রে চালানটির ঘোষিত ইনভয়েস মূল্য ১৭ হাজার ৬০০ ডলারের বিপরীতে ওয়েবসাইটভিত্তিক তুলনামূলক মূল্য ৪ লাখ ৪৩ হাজার ডলার উল্লেখ করা হয়েছে। অর্থাৎ প্রাথমিক হিসাবে তুলনামূলক মূল্য ঘোষিত মূল্যের প্রায় ২৫ গুণ। তবে মেশিনগুলোর মডেল, উৎপাদনসাল, নতুন না ব্যবহৃত, অবস্থা এবং সমজাতীয় পণ্যের আমদানিমূল্য যাচাই ছাড়া এ হিসাবকে চূড়ান্ত শুল্কায়নযোগ্য মূল্য বলা যাচ্ছে না।

এসএম টোব্যাকোকে ঘিরে পুরোনো অভিযোগ

বগুড়ার এসএম টোব্যাকোকে ঘিরে অতীতেও অবৈধ সিগারেট উৎপাদন, নকল ব্র্যান্ড ব্যবহার এবং শুল্ক-কর ফাঁকির অভিযোগ উঠেছিল বলে অনুসন্ধানে তথ্য পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, শিবগঞ্জ পৌরসভার বন্ধ সাথী সিনেমা হল ভবনে প্রতিষ্ঠানটির একটি কারখানায় ‘দুবাই’, ‘সেনর গোল্ড’ ও ‘স্মার্ট ব্ল্যাক’ নামে সিগারেট উৎপাদন ও বাজারজাত করা হতো। এসব সিগারেটে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ব্র্যান্ড-পরিচয় নকল করার অভিযোগও রয়েছে।

২০২১ সালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের পর সাথী সিনেমা হল ভবনের কারখানাটি সিলগালা করা হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। ওই অভিযানে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকির অভিযোগ সামনে এসেছিল। পরে শিবগঞ্জের প্রত্যন্ত এলাকায় নতুন করে কারখানা স্থাপনের তথ্যও পাওয়া গেছে বলে অনুসন্ধানে জানা যায়।

তবে অতীতের এসব অভিযোগের সঙ্গে চট্টগ্রাম বন্দরের বর্তমান চালানের যোগসূত্র এবং এসএম টোব্যাকোর প্রকৃত ভূমিকা আলাদাভাবে যাচাই করা প্রয়োজন। এ ক্ষেত্রে আমদানি চুক্তি, অর্থ পরিশোধের নথি, যন্ত্রপাতি সরবরাহের ঠিকানা এবং সম্ভাব্য স্থাপনাস্থলের তথ্য গুরুত্বপূর্ণ।

নকল সিগারেট উৎপাদনের ঝুঁকি নিয়ে সিআইআইডির উদ্বেগ

সিআইআইডির পর্যবেক্ষণে বলা হয়েছে, সিগারেট তৈরির মেশিন আমদানির ক্ষেত্রে দেশের প্রায় ২৯টি সিগারেট উৎপাদনকারী প্রতিষ্ঠান অথবা তাদের অনুমোদিত সরবরাহকারীর সংশ্লিষ্টতা যাচাই করা প্রয়োজন। আমদানিকারক, প্রকৃত ক্রেতা ও চূড়ান্ত ব্যবহারকারীর পরিচয় এবং লাইসেন্সধারী উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে তাদের সম্পর্ক খতিয়ে দেখা দরকার।

অধিদপ্তরের আশঙ্কা, যথাযথ যাচাই ছাড়া এসব যন্ত্রপাতি আমদানি ও ব্যবহার করা হলে সুপরিচিত ব্র্যান্ডের সিগারেট নকল করে উৎপাদন ও বাজারজাতের ঝুঁকি তৈরি হতে পারে। এতে ভোক্তা প্রতারিত হওয়ার পাশাপাশি বৈধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হতে পারে এবং সরকার রাজস্ব হারাতে পারে।

সিআইআইডি জানিয়েছে, আমদানির ঘোষণার যথার্থতা, পণ্যের সঠিক শ্রেণিবিন্যাস, প্রকৃত মূল্য, প্রযোজ্য শুল্ক-কর এবং যন্ত্রপাতির চূড়ান্ত ব্যবহারকারী যাচাই করা হবে। তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

অর্থ-বাণিজ্য সব খবর