Cvoice24.com

টেকনাফে ইয়াবা ফেলে পালাল কারবারিরা, পৃথক অভিযানে আটক ২

কক্সবাজার প্রতিনিধি
১৭:২৭, ১২ নভেম্বর ২০২৬
টেকনাফে ইয়াবা ফেলে পালাল কারবারিরা, পৃথক অভিযানে আটক ২

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পৃথক তিনটি অভিযানে ৯ লাখ ৯৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে টেকনাফের হ্নীলায় মিয়ানমার থেকে আসা একটি নৌকা থেকে নামানো ৮ লাখ ৯০ হাজার ইয়াবা ফেলে পালিয়ে গেছেন কারবারিরা। বাকি ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার বিকেলে টেকনাফে ৬৪ বিজিবির সদর দপ্তরে সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এসব তথ্য জানান।

বিজিবি অধিনায়ক জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে টেকনাফের হ্নীলা জেলেপাড়া এলাকায় মিয়ানমার থেকে একটি নৌকা আসতে দেখে বিজিবির একটি দল বেড়িবাঁধ এলাকায় অবস্থান নেয়। এ সময় নৌকা থেকে ৭-৮ জন ব্যক্তি ইয়াবাভর্তি বস্তা পানিতে নামিয়ে পাশের কেওড়াবনে অবস্থান নেন।

পরে বিজিবির স্পিডবোট টহল দল সেখানে পৌঁছালে তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়েন কারবারিরা। বিজিবিও পাল্টা গুলি চালিয়ে এগিয়ে গেলে ইয়াবার বস্তাগুলো পানিতে ফেলে নৌকায় করে মিয়ানমারে পালিয়ে যান তাঁরা। পরে ঘটনাস্থল থেকে ছোট-বড় ১০টি বস্তায় ৮ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

এদিকে বুধবার রাত সাড়ে ১১টার দিকে উখিয়ার পালংখালী বিওপির আওতাধীন আঞ্জুমানপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. রমজান আলী (১৮) নামে এক যুবককে আটক করে বিজিবি। তাঁর কাছ থেকে এক লাখ ইয়াবা উদ্ধার করা হয়।

অন্যদিকে, একই রাতে টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশি চালিয়ে মো. হোসাইন (২০) নামে আরেক যুবককে আটক করা হয়। তাঁর কাছ থেকে চার হাজার ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

বিজিবির হিসাবে, তিন অভিযানে উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ কোটি টাকা।

সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্তে মাদক চোরাচালান বন্ধে অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। মাদক কারবারিদের সম্পর্কে তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করতে স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানান তিনি।