মাদকের আধিপত্য বিস্তার নিয়ে যুবক খুন, নারীসহ গ্রেপ্তার ২
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রাম নগরের বাকলিয়ার তক্তারপুল এলাকায় মাদকসংক্রান্ত বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আব্দুর সুবাহান (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে শওকত গ্রুপের লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় বাকলিয়া থানা পুলিশ ও এসআরবির যৌথ অভিযানে এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি দেশীয় বন্দুক, একটি দা ও একটি স্টিলের টিপ ছুরি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে সিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সহকারী পুলিশ কমিশনার আমিনুর রশিদ।
তিনি জানান, শওকত গ্রুপের লোকজন মাদকসংক্রান্ত পূর্বশত্রুতা এবং এলাকায় আধিপত্য জানান দিতে আব্দুর সুবাহানের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় তাকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্বজনেরা তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে তক্তারপুল এলাকায় আব্দুর সুবাহানের বাড়ির সামনের গলির মুখে অভিযান চালিয়ে আমির হোসেন ওরফে বুলেট (২৩) এবং মোমেনা বেগম (৪৫) নামে দুজনকে গ্রেপ্তার করে বাকলিয়া থানা-পুলিশ ও এসআরবির যৌথ দল।
অভিযানকালে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি বন্দুক, একটি দা ও একটি স্টিলের টিপ ছুরি উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রসঙ্গত, নিহত আব্দুর সুবাহানের বিরুদ্ধে হত্যা, মাদক, মারামারি ও অস্ত্র আইনে মোট ১৯টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর













