‘তোর মা-বোন আছে’, বলেই শ্রমিক লীগ কর্মীকে চড় এনসিপি নেত্রীর
সিভয়েস২৪ প্রতিবেদক
‘তুই এই ধরনের পোস্ট করবি কী জন্য? তোর মা-বোন আছে?’—এ কথা বলতে বলতে চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের এক কর্মীকে চড়-থাপ্পড় মারার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী তানিয়া আমিনের বিরুদ্ধে। ঘটনার ভিডিও নিজেই ফেসবুকে প্রকাশ করেন তিনি। পরে ওই ব্যক্তিকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে নগরের বাকলিয়া থানার তুলাতলী নয়াবাজার এলাকার একটি লন্ড্রি দোকানে এ ঘটনা ঘটে। যা বুধবার (১১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
১ মিনিট ২৮ সেকেন্ডের ভিডিওটি সূত্রে জানা যায়, মারধরের শিকার ব্যক্তির নাম খোরশেদ আলম। তিনি ওই এলাকায় একটি লন্ড্রি দোকান পরিচালনা করেন। অন্যদিকে তানিয়া আমিন এনসিপির চট্টগ্রাম নগর কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তানিয়া আমিনসহ চার-পাঁচজন ওই দোকানে প্রবেশ করেন। তাঁদের দেখে খোরশেদও তানিয়ার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে এনসিপির নেতা-কর্মীরা তাঁকে মারধর শুরু করেন। এ সময় তানিয়া আমিনকে চড়-থাপ্পড় মারতে দেখা যায়। আশপাশের লোকজন তাঁদের থামানোর চেষ্টা করেন।
ভিডিওতে তানিয়াকে বলতে শোনা যায়, ‘তুই এই ধরনের পোস্ট করবি কী জন্য? তোর মা-বোন আছে?’ পরে ঘটনাস্থলে পুলিশের গাড়ি পৌঁছালে এক পুলিশ সদস্যকে তিনি জানান, গ্যাস-বিদ্যুৎ নিয়ে তাঁর প্রকাশ করা একটি ভিডিওর নিচে খোরশেদ আপত্তিকর মন্তব্য করেছিলেন।
তানিয়া আমিনের অভিযোগ, খোরশেদ ফেসবুকে বিভিন্ন পোস্ট ও মন্তব্যের মাধ্যমে তাঁকে হয়রানি করে আসছিলেন। পরে ফেসবুকে দেওয়া আরেক পোস্টে তিনি দাবি করেন, গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে প্রকাশ করা তাঁর একটি ভিডিও ডাউনলোড করে খোরশেদ অশালীন ভাষায় পোস্ট করেছিলেন। সতর্ক করার পর ওই পোস্ট সরিয়ে নিলেও পরে আবার একই ধরনের পোস্ট দেন তিনি।
এ বিষয়ে এনসিপির চট্টগ্রাম নগর কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মিডিয়া সেলের সমন্বয়কারী রিদুয়ান হৃদয় বলেন, 'খোরশেদ বিভিন্ন সময়ে এনসিপি ও জুলাই যোদ্ধাদের নিয়ে আপত্তিকর ভিডিও ও মন্তব্য করতেন। এর প্রতিবাদ জানাতে নেতা-কর্মীরা তাঁর দোকানে গেলে একপর্যায়ে তাঁকে চড়-থাপ্পড় মারা হয়। পরে পুলিশ তাঁকে আটক করে নিয়ে যায়।'
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, 'খোরশেদ কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের সক্রিয় কর্মী। তিনি দলের লোকজনকে সংগঠিত করে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন বলে তাঁর মুঠোফোনে পাওয়া তথ্য থেকে জানা গেছে। এ ছাড়া এনসিপির নেতা-কর্মী, বিশেষ করে নারী নেত্রীদের নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তাঁকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।'
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর












