Cvoice24.com

পোড়া মবিলেই তৈরি হচ্ছে নামীদামি ব্র্যান্ডের ‘ভেজাল মবিল’

সিভয়েস২৪ প্রতিবেদক
১৯:৪৪, ১১ নভেম্বর ২০২৬
পোড়া মবিলেই তৈরি হচ্ছে নামীদামি ব্র্যান্ডের ‘ভেজাল মবিল’

চট্টগ্রাম নগরের ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় পোড়া ও ব্যবহৃত মবিল দিয়ে তৈরি হচ্ছে ‘ভেজাল মবিল’। পরে নামীদামি ব্র্যান্ডের বোতল ও কন্টেইনারে ভরে এসব মবিল বাজারজাত করা হচ্ছে। এমন অভিযোগে নগরের কদমতলীর দুটি গুদামে অভিযান চালিয়ে ভেজাল মবিল তৈরির প্রাথমিক আলামত পেয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গুদাম দুটি তালাবদ্ধ থাকায় তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন অভিযান পরিচালনাকারীরা। পরে সেগুলো সিলগালা করা হয়।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে নগরের সদরঘাট থানাধীন কদমতলীর পোড়া মসজিদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।

অভিযানকালে দুটি গুদামে পোড়া ও ব্যবহৃত মবিল এবং ভেজাল মবিল তৈরির প্রাথমিক আলামত পাওয়া যায়। এ ছাড়া আরেকটি প্রতিষ্ঠানে বিভিন্ন ব্র্যান্ডের খালি বোতল ও কন্টেইনার পাওয়া গেছে। এসব বোতল ও কন্টেইনার ভেজাল মবিল বাজারজাতের কাজে ব্যবহার করা হতো বলে ধারণা করছেন অভিযান পরিচালনাকারীরা।

গুদামগুলোর মালিকদের কাউকে অভিযানের সময় পাওয়া যায়নি। এ কারণে দুটি গুদাম সাময়িকভাবে সিলগালা করা হয়েছে। মালিকদের অধিদপ্তরের কার্যালয়ে তলব করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে অধিদপ্তর।

স্থানীয় বাসিন্দারা জানান, কদমতলীর ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকার ভেতরে দীর্ঘদিন ধরে এসব গুদামে ঝুঁকিপূর্ণভাবে মবিলের কারবার চলছিল। গুদামগুলোতে অগ্নিনিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থাও ছিল না। সম্প্রতি ওই এলাকার একটি গুদামে অগ্নিকাণ্ডের পর বিষয়টি সামনে আসে। ঘনবসতিপূর্ণ এলাকায় এমন গুদামে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। পরে অনুসন্ধান ও তথ্যের ভিত্তিতে অভিযান চালায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, প্রাথমিকভাবে পাওয়া আলামত থেকে প্রতিষ্ঠান দুটিতে ভেজাল মবিল উৎপাদন ও বাজারজাতের বিষয়টি প্রতীয়মান হয়েছে। পোড়া মবিলের সঙ্গে বিভিন্ন উপাদান মিশিয়ে তৈরি পণ্য নামীদামি ব্র্যান্ডের বোতল ও কন্টেইনারে ভরে বাজারে সরবরাহ করা হতো বলে ধারণা করা হচ্ছে। কন্টেইনারের মোড়ক আসল ব্র্যান্ডের মতো হওয়ায় সাধারণ ক্রেতাদের পক্ষে নকল পণ্য শনাক্ত করা কঠিন ছিল।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠান দুটির মালিকপক্ষকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ কারণে গুদাম দুটি সাময়িকভাবে সিলগালা করা হয়েছে। মালিকদের অধিদপ্তরের কার্যালয়ে ডেকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া এ ধরনের আরও কয়েকটি প্রতিষ্ঠানের তথ্য পাওয়া গেছে। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধেও তদারকি কার্যক্রম চালানো হবে।

ভেজাল পণ্য উৎপাদন ও বাজারজাতের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে ফয়েজ উল্যাহ বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর