Cvoice24.com

লক্ষ্মীছড়ির দুর্গমে সুপেয় পানির ব্যবস্থা করল সেনাবাহিনী

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি, সিভয়েস২৪
১৪:৫৭, ১৭ নভেম্বর ২০২৬
লক্ষ্মীছড়ির দুর্গমে সুপেয় পানির ব্যবস্থা করল সেনাবাহিনী

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা বিনাজুড়িপাড়ায় দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনে সৌরশক্তিচালিত পানির ট্যাংক স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোন। এ উদ্যোগের ফলে বিনাজুড়িপাড়া ও পার্শ্ববর্তী এলাকার শতাধিক মানুষ নিরাপদ ও সুপেয় পানি ব্যবহারের সুযোগ পাবেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে স্থাপিত পানির পয়েন্টটি উদ্বোধন করেন লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম। এ সময় বার্মাছড়ি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শাহরিয়ার উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিনাজুড়িপাড়ার বাসিন্দারা দীর্ঘদিন ধরে সুপেয় পানির সংকটে ভুগছিলেন। বিশেষ করে শীত মৌসুমে পানি সংগ্রহ করতে তাদের নানা ভোগান্তি পোহাতে হতো। স্থানীয় মানুষের এ দুর্ভোগ লাঘবে পানির সংকট নিরসনের উদ্যোগ নেয় বাংলাদেশ সেনাবাহিনী।

লক্ষ্মীছড়ি জোনের নির্দেশনায় বার্মাছড়ি আর্মি ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে মাত্র দুই সপ্তাহের মধ্যে সৌরশক্তিচালিত পানির ট্যাংক স্থাপনের কাজ সম্পন্ন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুইসালা চৌধুরী, হেডম্যান, কারবারি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন। তারা সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানান।

জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম বলেন, ‘পাহাড়ি অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও মৌলিক চাহিদা পূরণে সব প্রতিকূলতা অতিক্রম করে বাংলাদেশ সেনাবাহিনী আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সেনাবাহিনী সব সময় জাতিগত বিভেদের ঊর্ধ্বে থেকে নিঃস্বার্থ জনকল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিনাজুড়িপাড়ায় সৌরশক্তিচালিত পানির ট্যাংক স্থাপনের মাধ্যমে স্থানীয় মানুষের দীর্ঘদিনের পানির সংকট কিছুটা হলেও লাঘব হবে বলে আমরা আশাবাদী। পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় জনগণের পাশে থেকে সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এ উদ্যোগের ফলে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের পানির দুর্ভোগ কমার পাশাপাশি দৈনন্দিন জীবনযাত্রা সহজ হবে। একই সঙ্গে নিরাপদ পানির ব্যবহার নিশ্চিত হওয়ায় জনস্বাস্থ্য সুরক্ষায়ও ইতিবাচক ভূমিকা রাখবে।

উল্লেখ্য, পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় লক্ষ্মীছড়ি জোন ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।