দীঘিনালায় ১১ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা
দীঘিনালা প্রতিনিধি, সিভয়েস২৪
খাগড়াছড়ির দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ১১ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে বিদ্যালয়ের দেয়ালিকা উন্মোচন করা হয়। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
দীঘিনালা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অনুকম্পা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দীঘিনালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দীঘিনালা উপজেলা শিক্ষা কর্মকর্তা কনিকা খীসা, কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা, বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, দীঘিনালা উপজেলা রিসোর্স সেন্টারের কর্মকর্তা মো. মাইন উদ্দিন এবং দীঘিনালা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. সোহেল রানা প্রমুখ।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক এ্যান্সি চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক একেএম বদিউজ্জামাল জীবন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন মো. জুনায়েদ ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা বন্ধ ছিল। বিএনপি সরকার ক্ষমতায় এসে পুনরায় এ পরীক্ষা চালু করেছে। বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশ ঘটে। এতে শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকেরাও গর্বিত হন। ভবিষ্যৎ শিক্ষাজীবনে ভালো ফলাফল ও অগ্রগতিতেও এ পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১৭ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১১ জন ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ১১ শিক্ষার্থীকে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।
পাহাড় সব খবর















