জন্ম-মৃত্যু নিবন্ধনে হয়রানি ও অতিরিক্ত অর্থ আদায় বন্ধের নির্দেশ চসিক প্রশাসকের
সিভয়েস২৪ প্রতিবেদক
জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবা পেতে নাগরিকদের হয়রানি, অযৌক্তিক বিলম্ব ও অতিরিক্ত অর্থ আদায় বন্ধে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন। নির্ধারিত সরকারি ফির বাইরে অর্থ আদায় কিংবা দালালচক্রের মাধ্যমে সেবা নিতে বাধ্য করার অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে জন্ম নিবন্ধন সহকারীদের প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, জন্ম নিবন্ধন একজন নাগরিকের আইনগত পরিচয়ের গুরুত্বপূর্ণ দলিল। শিক্ষা, চাকরি, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্রসহ জীবনের বিভিন্ন পর্যায়ে এ সনদের প্রয়োজন হয়। তাই এ সেবা প্রদানে অযৌক্তিক বিলম্ব, অতিরিক্ত অর্থ আদায় কিংবা নাগরিক হয়রানির সুযোগ নেই।
চসিকের ৪১টি ওয়ার্ডের জন্ম নিবন্ধন কার্যালয়কে নাগরিকবান্ধব সেবাকেন্দ্রে পরিণত করার নির্দেশ দিয়ে তিনি বলেন, সামান্য ভুল সংশোধনের জন্য কোনো নাগরিককে যেন মাসের পর মাস অফিসে ঘুরতে না হয়। আবেদন অসম্পূর্ণ থাকলে শুরুতেই প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে স্পষ্টভাবে জানাতে হবে। একেক সময় একেকটি কাগজ চেয়ে আবেদনকারীকে বারবার অফিসে আসতে বাধ্য করা যাবে না। আইন ও বিধিমালার বাইরে অতিরিক্ত কোনো কাগজপত্রও চাওয়া যাবে না।
জন্ম ও মৃত্যু নিবন্ধনের সময়সীমা সম্পর্কে প্রশাসক বলেন, শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন এবং মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধনের তথ্য দেওয়া উচিত। প্রথম ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধনে সরকারি ফি লাগে না। তবে সচেতনতার অভাব ও সময়মতো নিবন্ধন না করায় অনেক নাগরিক পরবর্তী সময়ে জটিলতায় পড়েন। এ বিষয়ে জনসচেতনতা তৈরিতে নিবন্ধন সহকারীদের সক্রিয় হতে হবে।
মৃত্যু নিবন্ধনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, উত্তরাধিকার, সম্পত্তি হস্তান্তর, পেনশন, বিমা দাবি এবং বিভিন্ন প্রশাসনিক ও আইনি কার্যক্রমে মৃত্যু সনদ প্রয়োজন হয়। তাই জন্ম নিবন্ধনের পাশাপাশি মৃত্যু নিবন্ধন কার্যক্রমেও সমান গুরুত্ব দিতে হবে।
জন্ম নিবন্ধনে জালিয়াতি প্রতিরোধে সতর্ক থাকার নির্দেশ দিয়ে ডা. শাহাদাত হোসেন বলেন, ভুয়া ঠিকানা, জাল কাগজপত্র কিংবা মিথ্যা পরিচয় ব্যবহার করে কোনো বিদেশি নাগরিক যেন বাংলাদেশি হিসেবে জন্ম নিবন্ধন নিতে না পারেন, তা নিশ্চিত করতে হবে। বিশেষ করে রোহিঙ্গাদের পরিচয় গোপন করে নিবন্ধন নেওয়ার অপচেষ্টা ঠেকাতে আবেদনকারীর পিতা-মাতার পরিচয়, জন্মস্থান, স্থায়ী ঠিকানা ও প্রয়োজনীয় প্রমাণপত্র যথাযথভাবে যাচাই করতে হবে। তবে আইনগতভাবে নিবন্ধনের যোগ্য কোনো নাগরিক যাতে অযথা হয়রানির শিকার না হন, সেটিও নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন আইনে মিথ্যা তথ্য প্রদান কিংবা জেনেশুনে মিথ্যা তথ্যের ভিত্তিতে নিবন্ধনের ক্ষেত্রে সর্বোচ্চ এক বছর বিনাশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে। নিবন্ধন কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত কেউ জেনেশুনে মিথ্যা তথ্য অন্তর্ভুক্ত করলে বা জালিয়াতিতে সহযোগিতা করলে তাঁর বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নিবন্ধন সনদে তথ্যের নির্ভুলতার ওপর গুরুত্ব দিয়ে প্রশাসক বলেন, নামের বানান, জন্মতারিখ, পিতা-মাতার নাম কিংবা ঠিকানায় ভুল থাকলে পরবর্তী সময়ে জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত সনদ ও পাসপোর্টের সঙ্গে তথ্যের অসংগতি তৈরি হয়। এতে নাগরিকদের নানা জটিলতায় পড়তে হয়। তাই নিবন্ধনের শুরুতেই তথ্যের সঠিকতা নিশ্চিত করতে হবে এবং প্রকৃত ভুল সংশোধনের আবেদন বিধি অনুযায়ী দ্রুত নিষ্পত্তি করতে হবে।
ডিজিটাল নিবন্ধন ব্যবস্থার বিষয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট কর্মীদের সফটওয়্যার ব্যবহার, আবেদন যাচাই, তথ্য সংশোধন, অনলাইন সনদ যাচাই ও তথ্যের নিরাপত্তা বিষয়ে দক্ষ হতে হবে। কোনো অবস্থাতেই নিজস্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড অন্যের কাছে হস্তান্তর করা যাবে না কিংবা অননুমোদিত কাউকে নিবন্ধন সফটওয়্যার ব্যবহারের সুযোগ দেওয়া যাবে না।
প্রযুক্তিগত সমস্যায় কোনো আবেদন আটকে গেলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে উল্লেখ করে তিনি বলেন, সফটওয়্যার কিংবা প্রশাসনিক জটিলতার দায় নাগরিকদের ওপর চাপানো যাবে না। সমস্যার কারণ ও সমাধানের পরবর্তী প্রক্রিয়া আবেদনকারীকে স্পষ্টভাবে জানাতে হবে।
জন্ম ও মৃত্যু নিবন্ধনের তথ্য জাতীয় উন্নয়ন পরিকল্পনায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উল্লেখ করে ডা. শাহাদাত হোসেন বলেন, জন্ম-মৃত্যুর পরিসংখ্যান ও জনসংখ্যার বয়সভিত্তিক বিন্যাস স্বাস্থ্যসেবা, শিক্ষা, টিকাদান, সামাজিক নিরাপত্তা ও অবকাঠামো পরিকল্পনায় সহায়তা করে। তাই নির্ভুল ও বিশ্বাসযোগ্য নিবন্ধন ব্যবস্থা গড়ে তোলা জরুরি।
তিনি বলেন, চট্টগ্রামকে পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে সহজ, স্বচ্ছ ও কার্যকর নাগরিকসেবা নিশ্চিত করা অপরিহার্য। প্রতিটি ওয়ার্ডে নাগরিকরা যেন সম্মানজনক পরিবেশে সেবা পান, সেটিই অগ্রাধিকার। প্রকৃত নাগরিকদের সেবা সহজ করার পাশাপাশি জালিয়াতির সব সুযোগ বন্ধ করতে হবে।
প্রশিক্ষণ কর্মসূচিতে চসিকের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, উপসচিব মইনুল হোসেন চৌধুরী এবং প্রশাসকের একান্ত সচিব (অতিরিক্ত দায়িত্ব) ও জনসংযোগ ও প্রটোকল কর্মকর্তা আজিজ আহমদ বক্তব্য দেন। এ সময় জন্ম ও মৃত্যু নিবন্ধন সহকারীরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর












