আনোয়ারায় সাপের কামড়ে ৩ মাসে আক্রান্ত ৭৭ জন, বাড়ছে আতঙ্ক
আনোয়ারা প্রতিনিধি
শীতের শুরুতেই চট্টগ্রামের আনোয়ারায় বাড়ছে সাপের কামড়ের ঘটনা। উপজেলার ১১টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাপের উপদ্রব নিয়ে উদ্বেগের মধ্যে গত তিন মাসে সাপের কামড়ে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন ৭৭ জন। তাদের মধ্যে দুজনকে বিষধর সাপের কামড়ের শিকার হয়ে অ্যান্টিভেনম নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী, চিকিৎসা নেওয়া ৭৭ জনের মধ্যে ৭৫ জনের ক্ষেত্রে নির্বিষ সাপের কামড় শনাক্ত হয়েছে। বাকি দুজন বিষধর সাপের কামড়ে আক্রান্ত হন। তাদের অ্যান্টিভেনম দেওয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
সম্প্রতি বৈরাগ ইউনিয়নের এক বাসিন্দা বিষধর সাপের কামড়ের শিকার হয়েছেন। তার চাচাতো ভাইয়ের ঘটনা তুলে ধরে মো. আব্দুল্লাহ নোমান বলেন, ‘দুই দিন আগে আমার চাচাতো ভাই কর্ণফুলী টানেলের পাশে বসে ছিলেন। এ সময় একটি বিষধর সাপ তাঁকে কামড় দিয়ে চলে যায়। পরে তাঁকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা মোটামুটি ভালো এবং তিনি আশঙ্কামুক্ত।’
সাপের কামড়ের ঘটনা বাড়তে থাকায় রাতে চলাচলে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। মো. কায়সার বলেন, ‘কিছুদিন ধরে আনোয়ারায় সাপের কামড়ে বিভিন্ন ব্যক্তির আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। বিশেষ করে রাতে চলাচলের সময় সবাইকে সতর্ক থাকতে হবে। চলাচলের পথে আশপাশ ভালোভাবে দেখে পা ফেলতে হবে। নিজেরা সচেতন ও সতর্ক থাকলে সাপের কামড়ের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। পরিবারের সদস্যদেরও এ বিষয়ে সচেতন করতে হবে।’
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দীন চৌধুরী বলেন, শীতের শুরুতে সাপ শীতনিদ্রায় যাওয়ার আগে খাবার সংগ্রহের জন্য বেশি চলাচল করে। ফলে এ সময় সাপের কামড়ের ঝুঁকি বাড়তে পারে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা রোগীদের চিকিৎসার জন্য পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত রয়েছে। প্রয়োজন অনুযায়ী রোগীদের অ্যান্টিভেনম দেওয়ার পাশাপাশি পর্যবেক্ষণে রাখা হচ্ছে। জটিল পরিস্থিতি দেখা দিলে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।
সাপের কামড় থেকে রক্ষা পেতে রাতে চলাচলের সময় টর্চলাইট ব্যবহার, ঘুমানোর সময় মশারি টানানো এবং বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিয়েছেন তিনি। বিশেষ করে জলাশয়, জঙ্গল ও নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের বাড়তি সতর্ক থাকতে হবে। হাঁস-মুরগির ঘর, কবুতরের খোপ কিংবা দীর্ঘদিন অব্যবহৃত জিনিসপত্রে হাত দেওয়ার আগে ভালোভাবে দেখে নিতে হবে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর















