রাঙ্গুনিয়ায় গুঁড়িয়ে দেওয়া হল ৩ ইটভাটায় চিমনি-কিলন
কাপ্তাই-রাঙ্গুনিয়া প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ভাটার চিমনি ও কিলন ভেঙে গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। রবিবার (১৫ নভেম্বর) পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত মেসার্স বাংলাদেশ স্ট্যান্ডার্ড ব্রিকস (বিএসবি) এবং ইসলামপুর ইউনিয়নের গলাচিপা এলাকার মেসার্স বাংলাদেশ ন্যাশনাল ব্রিকস (বিএনবি-২) ও মেসার্স বাংলাদেশ ন্যাশনাল ব্রিকস (বিএনবি-৩) নামের তিনটি ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইটভাটাগুলোর চিমনি ও কিলন ভেঙে ফেলা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন ও ডেটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দিন উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় এসআরবি-০৭, চট্টগ্রাম আনসার সদর দপ্তর ও রাঙ্গুনিয়া থানা পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করেন। এ ছাড়া রাঙ্গুনিয়া পল্লী বিদ্যুতের সদস্যরা ইটভাটাগুলোর অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














