Cvoice24.com

পার্কিং নিয়ে ‘অসন্তোষ’
শাহাদাতের প্রশংসায় পঞ্চমুখ মীর হেলাল

সিভয়েস২৪ প্রতিবেদক
১৬:১৯, ১৪ নভেম্বর ২০২৬
শাহাদাতের প্রশংসায় পঞ্চমুখ মীর হেলাল

চট্টগ্রাম নগরে পার্কিংয়ের নির্দিষ্ট জায়গা না থাকলেও যানবাহনকে পার্কিংয়ের টিকিট দেওয়া হচ্ছে। পার্কিংয়ের ব্যবস্থা না করে টিকিট দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। একই সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেনের উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করে তিনি জানিয়েছেন, দক্ষিণ পাহাড়তলী ও জালালাবাদ ওয়ার্ডেই প্রায় ১০০ কোটি টাকার উন্নয়নকাজ হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে নগরের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেনের দায়িত্ব পালনের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

নগরের পার্কিং ব্যবস্থার সমালোচনা করে মীর হেলাল বলেন, ‘গাড়ি পার্কিংয়ের নির্দিষ্ট জায়গা নেই, অথচ যানবাহনকে পার্কিংয়ের টিকিট দেওয়া হচ্ছে। পার্কিংয়ের ব্যবস্থা না করে টিকিট দেওয়ার বিষয়টি নাগরিকদের প্রশ্ন তোলার সুযোগ তৈরি করে।’

চসিক প্রশাসক শাহাদাত হোসেনের জনসম্পৃক্ততা ও উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, চট্টগ্রামের বাইরের বিভিন্ন জেলা থেকেও মানুষ সহযোগিতার জন্য তার কাছে আসেন। শাহাদাত নিজের সামর্থ্য অনুযায়ী সবাইকে সহযোগিতা করেন।

শাহাদাতের রাজনৈতিক জীবনের প্রসঙ্গ তুলে মীর হেলাল বলেন, ছাত্রদল, নগর বিএনপি ও কেন্দ্রীয় সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন তিনি। জিয়াউর রহমান ফাউন্ডেশনে কাজ করার সময় তারেক রহমানের মানবিক চিন্তাভাবনা ও দেশের মানুষের জন্য তার পরিকল্পনা বুঝতে পেরেছেন শাহাদাত। সেই লক্ষ্য বাস্তবায়নে তিনি কাজ করছেন।

শাহাদাতের উন্নয়ন কর্মকাণ্ড যথাযথভাবে প্রচার না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি জানান, কয়েক দিন আগে মেয়রের সঙ্গে বসে দক্ষিণ পাহাড়তলী ও জালালাবাদ ওয়ার্ডের উন্নয়নকাজের তথ্য নিয়েছেন। সেসব কাজের বিবরণ দেখে তার ধারণা হয়েছে, শুধু এই দুই ওয়ার্ডেই প্রায় ১০০ কোটি টাকার উন্নয়নকাজ হয়েছে। অথচ এসব কাজের প্রচার নেই বললেই চলে।

নগরের বিভিন্ন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়ে মীর হেলাল বলেন, শাহাদাত একা চাইলেই চট্টগ্রামের সব সমস্যার সমাধান করতে পারবেন না। সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে একসঙ্গে কাজ করতে হবে। এ কাজে সংসদ সদস্য ও রাজনৈতিক নেতাদেরও যুক্ত হতে হবে।

ফুটপাত দখল ও যানজট নিরসনে হকারদের পুনর্বাসনের প্রয়োজনীয়তা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ফুটপাত থেকে হকারদের সরিয়ে দিলেই সমস্যার সমাধান হবে না। তাদের বিকল্প কর্মসংস্থান ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। কোথায় তাদের স্থানান্তর করা হবে, তা সংশ্লিষ্ট সবাই মিলে ঠিক করতে হবে।

চট্টগ্রামের জন্য শিগগিরই কয়েকটি বড় জনকল্যাণমূলক প্রকল্প চালুর পরিকল্পনা রয়েছে বলেও জানান মীর হেলাল। এসব প্রকল্প বাস্তবায়িত হলে নগরবাসীর পাশাপাশি চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মানুষ উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য, জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবের রহমান শামীম, নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সদস্যসচিব নাজিমুর রহমান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তা ও অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল আমিন।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর