কর্ণফুলী চ্যানেলে অবৈধ পণ্য খালাস, ৩ জাহাজকে জরিমানা
সিভয়েস২৪ প্রতিবেদক
কর্ণফুলী চ্যানেলে নৌ-চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও লাইটার জাহাজে অবৈধভাবে পণ্য গুদামজাতকরণের বিরুদ্ধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। অভিযানে চারটি লাইটার জাহাজ পরিদর্শন করে বিধি লঙ্ঘনের দায়ে তিনটি জাহাজকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের আমদানি-রপ্তানি ও সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রম সচল রাখতে চট্টগ্রাম বন্দরের প্রধান নেভিগেশন চ্যানেলে নিরাপদ ও নির্বিঘ্ন নৌ-চলাচল নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যেই কর্ণফুলী চ্যানেলে নৌ-চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং লাইটার জাহাজে অবৈধভাবে পণ্য গুদামজাতকরণ প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং বাংলাদেশ কোস্ট গার্ডের সহায়তায় পরিচালিত এ অভিযানে চ্যানেলে অবস্থানরত মোট চারটি লাইটার জাহাজ পরিদর্শন করা হয়। এর মধ্যে বিধি লঙ্ঘনের দায়ে তিনটি জাহাজের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, 'অভ্যন্তরীণ নৌ-চলাচল আইন অনুযায়ী প্রতিটি জাহাজকে ২০ হাজার টাকা করে তিনটিকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান চলাকালে নিরাপদ নেভিগেশন নিশ্চিত করতে নৌযানচালক ও মাঝিমাল্লাদের প্রয়োজনীয় সতর্কতামূলক নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে অনুমোদনহীনভাবে পণ্য গুদামজাতকরণ এবং নৌ-চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।'
তিনি আরও বলেন, 'বন্দরের সার্বিক নিরাপত্তা ও সামুদ্রিক বাণিজ্যের স্বার্থে এ ধরনের অভিযান ও নিয়মিত তদারকি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।'
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর













