Cvoice24.com

সেন্টমার্টিনে ৩৮ জেলে আটক, জব্দ ২ ট্রলিং বোট 

উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
১৭:৩৩, ১৪ নভেম্বর ২০২৬
সেন্টমার্টিনে ৩৮ জেলে আটক, জব্দ ২ ট্রলিং বোট 

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন সমুদ্র এলাকায় দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটে অভিযান চালিয়ে ৩৮ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় বোট দুটি থেকে ৯টি ট্রলিং জাল ও ২ হাজার ২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি জানান, শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ সমুদ্র এলাকায় ১২ মিটার গভীরতায় অপারেশন ‘কোরাল দ্বীপ’-এর আওতায় এ অভিযান পরিচালনা করা হয়। কোস্ট গার্ডের জাহাজ ‘শ্যামল বাংলা’ অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করে।

পরে বোট দুটিতে তল্লাশি চালিয়ে ৯টি ট্রলিং জাল, ২ হাজার ২৫০ কেজি সামুদ্রিক মাছ এবং ৩৮ জন জেলেকে আটক করা হয়।

কোস্ট গার্ডের এ কর্মকর্তা আরও জানান, আটক জেলে এবং জব্দ করা বোট, জাল ও মাছের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সামুদ্রিক মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।