Cvoice24.com

রামুতে মেয়াদোত্তীর্ণ পণ্য ও মূল্য তালিকা না থাকায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রতিনিধি, সিভয়েস২৪
১৭:১৬, ১৪ নভেম্বর ২০২৬
রামুতে মেয়াদোত্তীর্ণ পণ্য ও মূল্য তালিকা না থাকায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের রামুতে বাজার তদারকি অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

শুক্রবার (১৪ নভেম্বর) মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির জন্য রাখা, মূল্য তালিকা প্রদর্শন না করা, পণ্যের গায়ে লেবেল ও মূল্য উল্লেখ না থাকা এবং অনুমোদনহীন পণ্য সংরক্ষণের দায়ে এসব জরিমানা করা হয়।

সকাল ১১টার দিকে রামু চৌমুহনী স্টেশন বাজার ও চেরাংগাটা বাজারে এ অভিযান পরিচালনা করেন কক্সবাজার জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফ।

অভিযান চলাকালে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করার জন্য প্রতিষ্ঠানগুলোর মালিকদের সতর্ক করা হয়।

অভিযানে প্রসিকিউশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন রামু উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মমতাজ উদ্দিন। নিরাপত্তার দায়িত্বে ছিল রামু থানা পুলিশের একটি দল।

জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।