মাদকের আখড়ার অভিযোগ
অবশেষে আগ্রাবাদের ‘বালুর মাঠে’ উচ্ছেদ অভিযান
সিভয়েস২৪ প্রতিবেদক
অবশেষে নগরের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ‘বালুর মাঠ’ হিসেবে পরিচিত ১ দশমিক ৭৩ একরের প্লটে অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)।
রবিবার (১৫ নভেম্বর) পে-লোডার দিয়ে প্রায় এক একর জায়গাজুড়ে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
চউক ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের দখল ও মাদকের আখড়া গড়ে ওঠার অভিযোগে উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দাদের দাবির পরিপ্রেক্ষিতে এ অভিযান চালানো হয়। প্লটটির প্রায় এক একর জায়গা দীর্ঘদিন ধরে অবৈধ দখলে ছিল। সেখানে মাদকের আখড়া গড়ে ওঠার অভিযোগও ছিল। এ নিয়ে আবাসিক এলাকার বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়। তাঁদের দাবির পরিপ্রেক্ষিতে গত ৭ নভেম্বর চউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা পরিদর্শন করেন। এ সময় স্থানীয় বাসিন্দারা ‘বালুর মাঠ’ হিসেবে পরিচিত অ্যাপার্টমেন্ট প্লটটিতে অবৈধ স্থাপনা ও মাদকের আখড়া গড়ে ওঠার বিষয়ে চেয়ারম্যানকে অভিযোগ জানান।
পরিদর্শনকালে তিনি অবৈধ দখলদারদের স্থাপনা সরিয়ে নিতে তিন দিনের সময়সীমা বেঁধে দেন। একই সঙ্গে অনিয়মের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেন।
এ অভিযানে নেতৃত্ব দেন চউকের স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) হামীমুন তানজীন। এ সময় উপস্থিত ছিলেন চউকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ইমারত নির্মাণ কমিটি-২-এর চেয়ারম্যান মোহাং মনজুর হাসান এবং অথোরাইজড অফিসার-২ তানজিব হোসেন।
চউকের জনসংযোগ কর্মকর্তা মো. হাসনাত বলেন, ‘অভিযানে পে-লোডার দিয়ে গ্যারেজ হিসেবে ব্যবহৃত কয়েকটি শেড, ‘রয়ালস অটো কেয়ার’ নামের একটি গ্যারেজ, ‘ফার্ম ভিলে সুইটস অ্যান্ড বেকারস’, ‘এমিগো স্পোর্টস সেন্টার’ (টার্ফ ও ক্লাব), ‘নিউ রাহি ফার্নিচার মার্ট’, ‘চৌধুরী সুপার শপ’ এবং ৮ থেকে ১০টি টং দোকান উচ্ছেদ করা হয়। তবে মানবিক দিক বিবেচনায় ‘এমিগো স্পোর্টস সেন্টারের’ জেনারেটর রুম এবং ‘চৌধুরী সুপার শপের’ মালামাল সরিয়ে নেওয়ার জন্য দুই দিন সময় দিয়েছে কর্তৃপক্ষ।’
অভিযান প্রসঙ্গে চউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, ‘নগরবাসীর প্রতি আমার অনুরোধ, কেউ যেন অবৈধ স্থাপনা কিংবা সরকারি জায়গায় অননুমোদিত কোনো নির্মাণকাজ না করেন। পাশাপাশি কোনো স্থাপনা বা জায়গা ভাড়া নেওয়ার চুক্তি করার আগে অবশ্যই জমির মালিকানাস্বত্ব ভালোভাবে যাচাই করে নেবেন।’
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














