উখিয়ায় ধানক্ষেত থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে
কক্সবাজার প্রতিনিধি, সিভয়েস২৪
কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন একটি রেস্টুরেন্টের পেছনের ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া তরুণীর মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তার নাম তানজিমা আক্তার (১৭)। তিনি গত জুলাই মাস থেকে নিখোঁজ ছিলেন।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে পালংখালী ইউনিয়নের বালুখালী কাস্টমস এলাকার ক্যাফে হাইওয়ে রেস্টুরেন্টের পেছনের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তানজিমা আক্তার উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পূর্ব নুরারডেইল এলাকার আবদুর রহিমের মেয়ে।
স্থানীয় লোকজন ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে উখিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে তার পরিচয় শনাক্ত করা হয়।
বালুখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম কিবরিয়া জানান, স্থানীয়দের সহযোগিতায় ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, ‘অজ্ঞাতপরিচয় এক তরুণীর মরদেহ উদ্ধারের পর তার পরিচয় শনাক্ত করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন প্রয়োজন। এ বিষয়ে পুলিশ কাজ করছে।’
এদিকে, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি ও ঘটনাস্থলের আলামত সংগ্রহের জন্য জেলা অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক দলের সদস্যরা ঘটনাস্থলে কাজ শুরু করেছেন। তবে ওই কিশোরীর মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
কক্সবাজার সব খবর















