নকশা না মেনে নির্মাণ, ভাঙা হলো ৫ ভবনের অংশ
সিভয়েস২৪ প্রতিবেদক
অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ ও ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে চারটি ভবন ও ছয়টি দোকান সিলগালা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। একই অভিযানে তিনটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং পাঁচটি ভবনের নকশাবহির্ভূত অংশ ভেঙে দেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) নগরের বিভিন্ন এলাকায় চউকের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন। অভিযানে নেতৃত্ব দেন চউকের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) হামীমুন তানজীন এবং অথরাইজড অফিসার-২ তানজিব হোসেন।
চউক সূত্রে জানা যায়, অভিযানের অংশ হিসেবে নগরের পাঠানটুলি, বন্দরের মাইজপাড়া, বন্দর কর্তৃপক্ষের এনসিটি গেটসংলগ্ন নয়ারহাট এবং রাজা বাদশা ব্রিকফিল্ড আবাসিক এলাকার মোট ১০টি ভবন পরিদর্শন করা হয়। এ সময় অধিকাংশ ভবনে অনুমোদিত নকশার ব্যত্যয় এবং নকশার বাইরে বর্ধিত অংশ নির্মাণের প্রমাণ পাওয়া যায়।
এসব অনিয়মের পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক ব্যবস্থা নেন। নিয়মবহির্ভূতভাবে নির্মিত চারটি ভবন ও ছয়টি বাণিজ্যিক দোকান সিলগালা করা হয়। অনুমোদনহীন অংশ নির্মাণের কারণে তিনটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ ছাড়া পাঁচটি ভবনের নকশাবহির্ভূত অংশ ভেঙে দেওয়া হয়।
ভবনগুলোর অবশিষ্ট নকশাবহির্ভূত অংশ নির্ধারিত সময়ের মধ্যে নিজ দায়িত্বে অপসারণের শর্তে সংশ্লিষ্ট মালিকদের কাছ থেকে লিখিত অঙ্গীকারনামা নেওয়া হয়েছে।
চউক চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, নগরের সৌন্দর্য রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং ঝুঁকিপূর্ণ ও অপরিকল্পিত ভবন নির্মাণ রোধে চউকের কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। অনুমোদিত নকশার বাইরে গিয়ে যারা ভবন নির্মাণ করেছেন, তাঁদের কোনো ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, নগরবাসীকে নিরাপদ আবাসন ও সুশৃঙ্খল নগর উপহার দিতে ইমারত নির্মাণ বিধিমালার অনিয়মের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও নিয়মিত চলবে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর















