Cvoice24.com

জঙ্গল সলিমপুরে ইয়াসিনের নেটওয়ার্কের ছয় সদস্য গ্রেপ্তার

সিভয়েস২৪ প্রতিবেদক
১৩:৪৬, ১৮ নভেম্বর ২০২৬
জঙ্গল সলিমপুরে ইয়াসিনের নেটওয়ার্কের ছয় সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরসংলগ্ন আলীনগরের সন্ত্রাসী ইয়াসিনের নেটওয়ার্কে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে র‍্যাব সদস্য হত্যা, যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা ও ভাঙচুর, সড়ক কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং ক্যাম্পের পানিতে বিষ মেশানোর মতো গুরুতর অভিযোগ রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আব্দুর শুক্কুর, মো. ইয়াসিন ওরফে জামাই ইয়াসিন, মো. পারভেজ, মেহেদী হোসেন, মো. সাকিবুল হাসান ও মো. আনোয়ার হোসেন।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিরা আলীনগর বহুমুখী সমবায় সমিতির ফেসবুক পেজ এবং বিভিন্ন ভুয়া আইডি ব্যবহার করে সরকারি সংস্থাগুলোর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছিলেন। পুলিশ, বিজিবি ও এসআরবিসহ বিভিন্ন সরকারি সংস্থার বিরুদ্ধে অপপ্রচার, জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং প্রশাসনের বিরুদ্ধে মানুষকে উসকে দেওয়ার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

অতিরিক্ত পুলিশ সুপার রাসেল জানান, গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত জানাতে বুধবার (১৮ নভেম্বর) দুপুরে  দুপুর আড়াইটায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।