বর্ণাঢ্য আয়োজনে চবির ৬০ বছর পূর্তি উদ্যাপন
চবি প্রতিনিধি
বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬০ বছর পূর্তি উদ্যাপন করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দিনব্যাপী আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও অতিথিরা অংশ নেন। প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় উৎসবমুখর হয়ে ওঠে ক্যাম্পাস।
সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান, দুই উপ-উপাচার্যসহ শিক্ষক-শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা এতে অংশ নেন। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় খেলার মাঠে গিয়ে শেষ হয়। সেখানে শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন এবং কেক কাটা হয়।
সকাল ১১টায় কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এবং বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য। সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রয়েছে সমৃদ্ধ ঐতিহ্য, অভিজ্ঞ শিক্ষকসমাজ ও বিস্তৃত অ্যালামনাই নেটওয়ার্ক। বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনাকে কাজে লাগাতে গবেষণার পরিধি বাড়ানোর পাশাপাশি শিল্প ও উৎপাদন খাতের সঙ্গে গবেষণার সংযোগ তৈরি করতে হবে। প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল অবকাঠামোর সমন্বয়ে বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে।
প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছরের পথচলা জ্ঞানচর্চা, সংগ্রাম, নেতৃত্ব ও জাতি গঠনের ইতিহাস। বিশ্ববিদ্যালয়কে আরও সমৃদ্ধ ও গবেষণানির্ভর করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। গবেষণার সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের সংযোগ তৈরি হলে শিক্ষার্থীদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়বে।
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শুধু একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি একটি আবেগের নাম। বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন এর অন্যতম স্বতন্ত্র বৈশিষ্ট্য। এর সঙ্গে জড়িয়ে রয়েছে শিক্ষার্থীদের তারুণ্য, গান, কবিতা, বিতর্ক ও অসংখ্য স্মৃতি। এই বিশ্ববিদ্যালয় দেশকে বহু বিজ্ঞানী, অর্থনীতিবিদ, প্রশাসক ও রাজনীতিবিদ উপহার দিয়েছে।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, হীরকজয়ন্তী অতীতের অর্জন স্মরণের পাশাপাশি ভবিষ্যতের লক্ষ্য নির্ধারণের উপলক্ষ। আগামী ৭৫ ও ১০০ বছর পর বিশ্ববিদ্যালয়কে কোথায় দেখতে চাই, সেই লক্ষ্য সামনে রেখে পরিকল্পনা নিতে হবে।
উপাচার্য জানান, ৫০ কোটি টাকা ব্যয়ে বিশ্ববিদ্যালয়ের টিএসসি নির্মাণ প্রকল্প অনুমোদিত হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এর কার্যক্রম শুরুর আশা করছেন তাঁরা। এ ছাড়া ১২৫টি করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা, আন্তর্জাতিক র্যাঙ্কিং সেল গঠন, কনফুসিয়াস সেন্টার চালু ও গবেষণা সহায়তা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট নিরসনে ৬৭৮ কোটি টাকার একটি প্রকল্প পরিকল্পনা কমিশনে রয়েছে বলেও জানান তিনি।
উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে এবং আউটকাম বেজড এডুকেশন (ওবিই) বাস্তবায়ন করা হচ্ছে। পরীক্ষার ফল প্রকাশে দীর্ঘসূত্রতা কমাতে মূল্যায়ন কার্যক্রমে অটোমেশন চালু করা হয়েছে।
উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়কে প্রযুক্তিনির্ভর, গবেষণাবান্ধব ও আন্তর্জাতিকভাবে সংযুক্ত শিক্ষার্থী-কেন্দ্রিক প্রতিষ্ঠানে পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আর্থিক ব্যবস্থাপনা, সনদ উত্তোলন ও যাচাইয়ের কার্যক্রম অটোমেশনের আওতায় আনা হচ্ছে।
আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় স্মৃতিচারণ ও পুনর্মিলনী পর্ব। এতে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, সাবেক ছাত্রনেতা এবং ছাত্র সংসদের সাবেক ভিপি, জিএস ও এজিএসসহ প্রাক্তন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়জীবনের স্মৃতি ও অভিজ্ঞতা তুলে ধরেন। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী আয়োজন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, অ্যালামনাই ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
ক্যাম্পাস সব খবর















