গৌরবের ছয় দশকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, অর্জনের সঙ্গে কিছু অপূর্ণতাও
রেফায়েত উল্যাহ রুপক, চবি
প্রতিষ্ঠার ছয় দশকে পদার্পণ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ১৯৬৬ সালে যাত্রা শুরু করা বিশ্ববিদ্যালয়টি দীর্ঘ পথচলায় দেশের উচ্চশিক্ষা, গবেষণা, মুক্তিযুদ্ধ, গণতান্ত্রিক আন্দোলন ও সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। সময়ের সঙ্গে বেড়েছে বিভাগ, শিক্ষার্থী ও অবকাঠামো; সমৃদ্ধ হয়েছে শিক্ষা ও গবেষণার পরিসর। তবে ছয় দশকের এই পথচলায় অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের আবাসন, পরিবহন, গবেষণা ও প্রয়োজনীয় অবকাঠামো নিয়ে কিছু সীমাবদ্ধতাও রয়ে গেছে। হীরকজয়ন্তীর এই সময়ে অতীতের অর্জনের সঙ্গে এসব বিষয়ও নতুন করে আলোচনায় আসছে।
বুধবার (১৮ নভেম্বর) হীরকজয়ন্তী উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। দিনটি ঘিরে আনন্দ র্যালি, কেক কাটা, আলোচনা সভা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উৎসবের মধ্য দিয়ে ছয় দশকের অর্জন ও স্মৃতি উদ্যাপন করছেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়নের বিষয়গুলোও সামনে এসেছে।
যেভাবে শুরু
বৃহত্তর চট্টগ্রামে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির দাবির প্রেক্ষাপটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। ১৯৬১ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আন্দোলন পরিষদ গঠনের মধ্য দিয়ে এ দাবির প্রাতিষ্ঠানিক রূপ পায়। ১৯৬২ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রাথমিক পরিকল্পনা তৈরি হয়। পরে ১৯৬৫ সালের ৩ ডিসেম্বর অধ্যাপক এ আর মল্লিককে প্রকল্প পরিচালক নিয়োগের মধ্য দিয়ে প্রতিষ্ঠার কাজ শুরু হয়। ১৯৬৬ সালের ২৫ সেপ্টেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারি হয় এবং অধ্যাপক এ আর মল্লিক প্রথম উপাচার্যের দায়িত্ব পান।
১৯৬৬ সালের ১৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়টি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ইতিহাস অনুযায়ী, ওই বছরের ২৮ নভেম্বর বাংলা, ইংরেজি, ইতিহাস ও অর্থনীতি বিভাগে ২০০ শিক্ষার্থী নিয়ে একাডেমিক কার্যক্রম শুরু হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ৪৮টি বিভাগ ও ছয়টি ইনস্টিটিউট রয়েছে।
হাটহাজারীর ফতেহপুরে ২ হাজার ৩১২ দশমিক ৩২ একর পাহাড়ি ভূমিজুড়ে বিস্তৃত এই ক্যাম্পাস চট্টগ্রাম নগর থেকে প্রায় ২২ কিলোমিটার উত্তরে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী প্রায় ২৫ হাজার এবং শিক্ষক ১ হাজার ১০ জন।
মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা
প্রতিষ্ঠার পর থেকেই দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও রাজনৈতিক পরিবর্তনের ধারায় যুক্ত থেকেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। বিশ্ববিদ্যালয়ের সংরক্ষিত তথ্য অনুযায়ী, মুক্তিযুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ১৬ জন সদস্য শহীদ হন। তাঁদের মধ্যে একজন শিক্ষক, ১২ জন শিক্ষার্থী এবং তিনজন কর্মকর্তা-কর্মচারী ছিলেন।
শহীদদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন তৎকালীন চাকসুর সাধারণ সম্পাদক ও ইতিহাস বিভাগের শিক্ষার্থী আবদুর রব। ১৯৭০ সালের প্রথম চাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত আবদুর রব মুক্তিযোদ্ধাদের ভারতে প্রশিক্ষণের জন্য পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালের ১৩ এপ্রিল প্রশিক্ষণার্থী একটি দলকে রামগড় পৌঁছে দেওয়ার পথে তৎকালীন ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে পাকিস্তানি বাহিনীর অ্যামবুশে তিনি শহীদ হন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম শহীদ হিসেবে পরিচিত।
বিশ্ববিদ্যালয়ের কর্মচারী মোহাম্মদ হোসেন মুক্তিযুদ্ধে নৌ-কমান্ডো হিসেবে অংশ নিয়ে বীরত্বের স্বীকৃতিস্বরূপ বীরপ্রতীক খেতাব পান। মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে ২০০৯ সালে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে নির্মাণ করা হয় স্মৃতিস্তম্ভ ‘স্মরণ’।
দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ রয়েছে। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানেও সক্রিয় ভূমিকা পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ওই আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়া ও ফারহাদ হোসেন নিহত হন।
শিক্ষা ও গবেষণায় অবদান
উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রেও দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস ১৯৭২ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন। ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসার ধারণা নিয়ে তাঁর কাজ আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি পায়। ২০০৬ সালে গ্রামীণ ব্যাংকের সঙ্গে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেন তিনি।
এ ছাড়া পদার্থবিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলামসহ বিভিন্ন খ্যাতিমান শিক্ষক ও গবেষক এই বিশ্ববিদ্যালয়ে কাজ করেছেন। ১৯৮৯ সালে বিশ্ববিদ্যালয়ে গড়ে ওঠে গণিত ও ভৌতবিজ্ঞান গবেষণাকেন্দ্র। দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণার প্রসারে কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারও শিক্ষা ও গবেষণার গুরুত্বপূর্ণ সহায়ক প্রতিষ্ঠান। গ্রন্থাগার কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সেখানে সাড়ে তিন লাখের বেশি বই এবং দেশি-বিদেশি প্রায় ৪১৫টি সাময়িকীর নিয়মিত গ্রাহকসেবা রয়েছে। রয়েছে ৪০ হাজারের বেশি বাঁধাই করা সাময়িকী, দুর্লভ পাণ্ডুলিপি ও পুরোনো সংবাদপত্রের সংগ্রহ। বাংলা, সংস্কৃত, আরবি, ফারসি ও উর্দু ভাষার পাণ্ডুলিপির পাশাপাশি কয়েক শতাব্দী পুরোনো বাংলা পুঁথিও সেখানে সংরক্ষিত রয়েছে।
বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রথম জাদুঘর
১৯৭৩ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রথম জাদুঘর হিসেবে পরিচিত। এখানে প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ভাস্কর্য, মুদ্রা, পাণ্ডুলিপি ও বিভিন্ন ঐতিহাসিক সামগ্রী সংরক্ষিত রয়েছে। এসব সংগ্রহ ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানার পাশাপাশি শিক্ষার্থী ও গবেষকদের জ্ঞানচর্চায় ভূমিকা রাখছে।
শিক্ষার্থীদের আবাসন এখনো সীমিত
ছয় দশকে বিশ্ববিদ্যালয়ের বিভাগ ও শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও সেই অনুপাতে আবাসন সুবিধা বাড়েনি। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ১৪টি আবাসিক হল রয়েছে। এর মধ্যে ছাত্রদের জন্য নয়টি এবং ছাত্রীদের জন্য পাঁচটি হল।
প্রায় ২৫ হাজার শিক্ষার্থীর বিপরীতে আবাসিক আসন রয়েছে ৬ হাজার ৪৯৩টি। ফলে আবাসিক সুবিধা পাচ্ছেন প্রায় ২৫ দশমিক ৮৩ শতাংশ শিক্ষার্থী। বাকি প্রায় ৭৪ শতাংশ শিক্ষার্থীকে ক্যাম্পাসের বাইরে থাকতে হচ্ছে।
হলে আসন না পেয়ে অনেক শিক্ষার্থীকে ক্যাম্পাসের আশপাশের কটেজ, মেস ও ভাড়া বাসায় থাকতে হয়। এতে আবাসন ব্যয়ের পাশাপাশি নিরাপত্তা, যাতায়াত ও পড়াশোনার পরিবেশ নিয়েও তাঁদের ভোগান্তিতে পড়তে হয়। বিশেষ করে প্রথম বর্ষের শিক্ষার্থীদের বড় অংশকে আবাসনসংকটের মুখে পড়তে হয়। হলের আসনসংখ্যা বাড়ানো এবং আবাসিক সুবিধা নিশ্চিত করা শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি।
শাটল ট্রেনের ঐতিহ্য, সঙ্গে যাতায়াতের চাপ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শাটল ট্রেনের সম্পর্ক কয়েক দশকের। ১৯৭৯ সালে চালু হওয়া এই পরিবহনব্যবস্থা শিক্ষার্থীদের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম। শিক্ষার্থীদের জন্য শাটল ট্রেন পরিচালনার ক্ষেত্রে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রয়েছে স্বতন্ত্র পরিচিতি।
ক্যাম্পাস থেকে শহরে এবং শহর থেকে ক্যাম্পাসে প্রতিদিন প্রায় ১৫ হাজার শিক্ষার্থী এই ট্রেনে যাতায়াত করেন। দীর্ঘদিন ধরে শাটল ট্রেনের আসনসংকট, অতিরিক্ত যাত্রী, সময়সূচি ও নিরাপত্তা নিয়ে অভিযোগ রয়েছে শিক্ষার্থীদের। অনেক শিক্ষার্থীকে আসন না পেয়ে দাঁড়িয়ে কিংবা দরজায় ঝুঁকি নিয়ে যাতায়াত করতে দেখা যায়।
২০২৬ সালের জুনে পুরোনো একটি ট্রেনের পরিবর্তে ১০ কোচের নতুন রেক যুক্ত করা হলেও শিক্ষার্থীদের যাতায়াতের চাপ বিবেচনায় আরও কার্যকর পরিবহনব্যবস্থার দাবি রয়েছে।
উন্নয়ন পরিকল্পনা আছে, বাস্তবায়নের অপেক্ষাও
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামোগত প্রয়োজন মেটাতে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের সাংস্কৃতিক, সামাজিক ও সহশিক্ষা কার্যক্রমের জন্য টিএসসি নির্মাণের প্রস্তাব রয়েছে। প্রায় ৪৯ কোটি ৩৩ লাখ ৬৭ হাজার টাকা ব্যয়ে পাঁচতলা ভবন নির্মাণের পরিকল্পনায় প্রতিদিন প্রায় দুই হাজার ব্যবহারকারীর সুযোগ-সুবিধা নিশ্চিত করার কথা বলা হয়েছে। তবে প্রকল্পটি এখনো অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা অবকাঠামো উন্নয়নে ৬৭৮ কোটি ১৪ লাখ ৫৪ হাজার টাকার একটি প্রকল্প প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে বিবেচনাধীন রয়েছে। এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে শ্রেণিকক্ষ, গবেষণাগার ও অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামোর ঘাটতি কমানোর সুযোগ তৈরি হবে। তবে এসব উদ্যোগের কার্যকর বাস্তবায়নই এখন গুরুত্বপূর্ণ।
৩৫ বছর পর চাকসু নির্বাচন
শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব ও নেতৃত্ব বিকাশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)। দীর্ঘ ৩৫ বছর পর ২০২৫ সালের ১৫ অক্টোবর অনুষ্ঠিত হয় চাকসু নির্বাচন। এর আগে ১৯৭০, ১৯৭২, ১৯৭৪, ১৯৭৯, ১৯৮১ ও ১৯৯০ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৬টি পদের মধ্যে ২৪টিতে জয় পায় শিবির-সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’। সহসভাপতি (ভিপি) নির্বাচিত হন ইব্রাহিম হোসাইন রনি, সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) আইয়ুবুর রহমান তৌফিক।
শিক্ষার্থীদের দাবি ও অধিকার আদায়, আবাসনসংকট নিরসন এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেবার মানোন্নয়নে চাকসুর ভূমিকা নিয়ে প্রত্যাশা রয়েছে। নিয়মিত চাকসু নির্বাচন আয়োজনের দাবিও জানিয়েছেন শিক্ষার্থীরা।
ছয় দশকে পাঁচ সমাবর্তন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছয় দশকের ইতিহাসে সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে মাত্র পাঁচবার। প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় ১৯৯৪ সালে। এরপর ১৯৯৯, ২০০৮ ও ২০১৬ সালে যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হয়।
দীর্ঘ বিরতির পর ২০২৬ সালের ১৪ মে পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হয়। এতে প্রায় ২৩ হাজার গ্র্যাজুয়েট অংশ নেন। উচ্চশিক্ষার গুরুত্বপূর্ণ এই আনুষ্ঠানিকতা শিক্ষার্থীদের কাছে বিশেষ তাৎপর্য বহন করলেও দীর্ঘ বিরতিতে সমাবর্তন আয়োজনের বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ধারাবাহিকতা ও শিক্ষার্থীদের প্রত্যাশার সঙ্গে সম্পর্কিত একটি আলোচনার বিষয় হয়ে আছে।
সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়
চবির ছয় দশকে পদার্পণ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ইতিহাসকে আরও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেছেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান। তিনি বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ইতিহাস যেমন রয়েছে, এই ইতিহাসকে আমরা আরও গৌরবান্বিত করতে চাই। আমাদের গবেষণা, পঠন-পাঠন ও শিক্ষার মান—এগুলো আমাদের প্রধান লক্ষ্য না হলে আমরা যেসব শিক্ষার্থী তৈরি করছি, তাঁদের কোথাও গ্রহণযোগ্যতা থাকবে না।’
তিনি আরও বলেন, শিক্ষা কার্যক্রম ও গবেষণায় পরিবর্তন আনতে হবে। মৌলিক গবেষণার পাশাপাশি দেশের অর্থনীতি ও সার্বিক কল্যাণে কাজে লাগবে—এমন প্রায়োগিক ও কল্যাণমুখী গবেষণার প্রয়োজন রয়েছে।
হীরকজয়ন্তী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা নিয়েও প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসেন জানান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও ট্রাফিক পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। শহর থেকে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট পর্যন্ত অ্যালামনাই ও শিক্ষার্থীদের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনায় তারা দায়িত্ব পালন করবে। ক্যাম্পাসের ভেতরে পুলিশ, এসআরবি, গোয়েন্দা সংস্থা, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বাহিনী, বিএনসিসি, রোভার স্কাউট ও প্রক্টরিয়াল বডি নিরাপত্তা নিশ্চিত করবে।
ষাট বছরের পথচলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেশের উচ্চশিক্ষা, গবেষণা, জাতীয় আন্দোলন ও সাংস্কৃতিক অঙ্গনে নিজস্ব অবস্থান তৈরি করেছে। পাহাড়ঘেরা বিস্তৃত ক্যাম্পাস, শাটল ট্রেন, জাদুঘর ও সমৃদ্ধ গ্রন্থাগার বিশ্ববিদ্যালয়টির স্বতন্ত্র পরিচয়ের অংশ। এখানকার শিক্ষার্থীরা দেশ-বিদেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছেন।
তবে এই দীর্ঘ পথচলার সঙ্গে শিক্ষার্থীদের আবাসন, পরিবহন, গবেষণার সুযোগ, শ্রেণিকক্ষ ও অন্যান্য অবকাঠামোর প্রয়োজনও বেড়েছে। হীরকজয়ন্তীর এই সময়ে তাই অতীতের অর্জন ও ঐতিহ্যের পাশাপাশি ভবিষ্যৎ উন্নয়নের পরিকল্পনাগুলোর বাস্তবায়ন এবং শিক্ষার্থীবান্ধব সুযোগ-সুবিধা আরও সম্প্রসারণের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।
ক্যাম্পাস সব খবর















